মুনাফায় নতুন উচ্চতায় বাংলাদেশ ব্যাংক
সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯০০ কোটি টাকা। আগের অর্থবছর ২০২৪-২৫-এ মুনাফা ছিল ২২ হাজার ৬২০ কোটি টাকা। ফলে এক বছরে কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বেড়েছে ৩ হাজার ২৮০ কোটি টাকা।
রোববার (৩০ আগস্ট) গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের চূড়ান্ত আর্থিক হিসাব অনুমোদন করা হয়। একই বৈঠকে কর্মকর্তা-কর্মচারীদের জন্য মূল বেতনের সমপরিমাণ ৬টি ইনসেনটিভ বোনাস অনুমোদন দিয়েছে পর্ষদ।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বৃদ্ধির অন্যতম কারণ ছিল বাণিজ্যিক ব্যাংকগুলোর তীব্র তারল্যসংকট। সংকট মোকাবিলায় ব্যাংকগুলো আগের তুলনায় বেশি অর্থ বাংলাদেশ ব্যাংক থেকে ধার নেওয়ায় সুদ বাবদ কেন্দ্রীয় ব্যাংকের আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। পাশাপাশি বিশ্ববাজারে বৈদেশিক মুদ্রার রিজার্ভ লাভজনকভাবে বিনিয়োগ করেও ভালো আয় হয়েছে।
তবে খাতসংশ্লিষ্টদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্য মুনাফা অর্জন নয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংক খাতের কার্যকর তদারকি, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়তা করাই এর প্রধান দায়িত্ব। তাই মুনাফা বৃদ্ধির ধারায় বাংলাদেশ ব্যাংক যেন তার মূল সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্য থেকে বিচ্যুত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।



