মায়ের মরদেহ রান্না ঘরে, ছেলের মরদেহ ঝুলছে গাছে
পাবনার চাটমোহরে প্রবাসীর স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকান্ডের পরে মায়ের মরদেহ রান্না ঘরে,ছেলের মরদেহ ঝুলছিল গাছে।
শুক্রবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা মালয়েশিয়া প্রবাসী আব্দুর রশিদের স্ত্রী ও সন্তান। চাটমোহর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কয়েকজন মুখোশ পরিহিত দুর্বৃত্ত নিহতদের বাড়িতে এসে ঘরবাড়িতে ভাঙচুর চালায়। এ সময় বাড়িতে থাকা মা ও ছেলে চিৎকার দিলে দুর্বৃত্তরা তাদের শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ শুক্রবার সকালে গিয়ে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এখনো কাউকে শনাক্ত বা আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. নান্নু বলেন, ওই বাড়িতে নিহত লাবনী খাতুন (৩৭), তার ছেলে রিয়াদ হোসেন (১০) ও শাশুড়ি থাকতেন। বাড়িতে নতুন ভবন তৈরির কাজ চলছে। ধারণা করা হচ্ছে, কেউ হয়ত টাকা পয়সা চুরি বা ডাকাতি করতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে।
উল্লেখ্য, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ প্রকৃত অপরাধীতে খুঁজে বের করতে চেষ্টা করছে।


