মাদারীপুরে উল্টে নিহত ২
মাদারীপুর সদর উপজেলার পখিরা এলাকায় মাল টানা ট্রাক্টর উল্টে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো দুইজন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার পখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাক্টরচালক এনামুল হোসেন (২৫) ও চালকের সহযোগী আরিফ শিকদার (১৭)।
এনামুল নড়াইল জেলার লোহাগড়া উপজেলার সারুলিয়া এলাকার সরাফাত আলী মীরার ছেলে এবং আরিফ মাদারীপুর সদরের খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক গ্রামের আনোয়ার শিকদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সদর উপজেলার পখিরা এলাকার ফারুক হাওলাদারের গ্যারেজ থেকে সহকারী আরিফকে সঙ্গে নিয়ে কাজের উদ্দেশ্যে ট্রাক্টর নিয়ে বের হন। পরে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কে উঠতেছিলেন চালক এনামুল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়।
এতে চালক এনামুল ও তার সহকারী আরিফের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় সড়কের পাশে থাকা দুই পথচারীও আহত হন। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, ট্রাক্টর উল্টে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে।
গ্যারেজ থেকে গাড়িটি বের করার উদ্দেশ্যে রওনা হলে এই দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



