মরিচের দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
পরিদর্শনকালে তারা ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে পণ্যের সরবরাহ, মূল্য ও বাজার পরিস্থিতির খোঁজ নেন।
পরে কৃষিমন্ত্রী জানান, কাঁচামরিচের দাম স্থিতিশীল রাখতে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। কাঁচামরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে এবং বিদ্যমান কর কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামীকাল থেকেই আমদানি কার্যক্রম শুরু হবে। এর ফলে আগামী ২ থেকে ৫ দিনের মধ্যে কাঁচামরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভোক্তাদের স্বার্থে বাজার নিয়ন্ত্রণে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। বাজারে কৃত্রিম সংকট বা মূল্য কারসাজি ঠেকাতে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরার আহ্বান জানান তিনি।
এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও কৃষিপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রীরা শান্তিনগর বাজার পরিদর্শনে যান।


