ভোটে বৃষ্টির বাগড়া
বহুল প্রত্যাশিত কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন (কুসিক) শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিনে) ব্যবহার করে বিরতিহীনভাবে ভোট অনুষ্ঠিত হবে। কিন্তু ভোট গ্রহণ শুরুর এক ঘণ্টার মধ্যেই বৃষ্টি শুরু হয়েছে কুমিল্লায়।
আজ বুধবার (১৫ জুন) সকাল ৯টার দিকে কুমিল্লায় বৃষ্টি শুরু হয়। এরই মধ্য চলছে ভোট। সকাল থেকে প্রায় সব কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল মোটামুটি। তবে বৃষ্টির পর ভোট দিতে অপেক্ষমাণ ভোটাররা কেন্দ্রের ভেতরে ঢুকে পড়েন।অনেকে আবার আশ্রয় নেন স্কুলের অভিভাবক সেডে।
এবার নির্বাচনে পাঁচজন মেয়রপ্রার্থী রয়েছেন। তবে মূল লড়াইটা হবে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ও বিএনপি থেকে বহিষ্কৃত সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু এবং নিজাম উদ্দিন কায়সারে মধ্যে। আর সাক্কু গত দুই মেয়াদে মেয়র নির্বাচিত হয়েছিলেন। বাকি দুজন প্রথমবারের মতো লড়াই করছেন। ফলে কুমিল্লাবাসীর মুখে এখন প্রশ্ন- সাক্কুর হ্যাটট্রিক নাকি নতুন মুখের অভিষেক।
রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব কিছুই করা হয়েছে। কুমিল্লা জেলা ও পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর। নির্বাচনকে কেন্দ্র করে কোনো শঙ্কার কারণ নেই।



