‘ভালোবাসার দামে নিজের মানসিক শান্তি খোয়ানো ঠিক নয়’
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি ও জীবনবোধ নিয়ে প্রায়ই নানা কথা লেখেন। তার এসব ভাবনা কখনো সম্পর্ক, কখনো আত্মসম্মান, আবার কখনো মানসিক শান্তিকে ঘিরে। এবার সম্পর্কের টানাপোড়েন ও নিজেকে ভালো রাখার প্রয়োজনীয়তা নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।
গতকাল শুক্রবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সম্পর্ক চুকে ফেলা, আত্মসম্মান এবং মানসিক শান্তি বজায় রাখার তাগিদ দিয়ে একটি দীর্ঘ ও আবেগঘন বার্তা শেয়ার করেছেন প্রভা। তিনি লেখেন, ‘সম্পর্ক ছিন্ন করা মানে মানুষের কাছ থেকে হাল ছেড়ে দেওয়া নয়। বরং কখনও কখনও এটি নিজের কাছে অবশেষে সত্যি স্বীকার করা—একসময় যে সম্পর্কটি অর্থবহ ছিল, সেটিই এখন ধীরে ধীরে আপনাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে।’
প্রভা লেখেন, ‘ভালোবাসার মূল্য কখনোই আপনার মানসিক শান্তি, পরিচয় কিংবা মানসিক স্বাস্থ্য খোয়ানোর বিনিময়ে হতে পারে না। যারা শুধু নিজের প্রয়োজনেই পাশে আসে, তারা আপনার উপকারে না আসলেও নিঃশেষ করে দেয়। আবার পরিবারের এমন কেউ থাকেন, যারা সীমা লঙ্ঘন করেন, আবার কেউ আছেন পাশে থাকার পরেও আপনাকে একাকী অনুভব করান। এমন পরিস্থিতিতে পরিবর্তন আসবে এই আশায় মানুষ চেষ্টা চালিয়ে যায়, যতক্ষণ না একদিন সে আবিষ্কার করে এই প্রক্রিয়ায় সে নিজেই হারিয়ে যাচ্ছে।’
জীবন থেকে সবকিছু সরিয়ে নেওয়া কোনো নির্মমতা নয়, বরং এটি একটি সাহসিকতার পরিচয় উল্লেখ করে প্রভা আরও লেখেন, ‘মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া এবং নীরব যন্ত্রণার চেয়ে আত্মসম্মানকে অগ্রাধিকার দেওয়াটা জরুরি। অনেকে বলতে পারে যে মানুষটি বদলে গেছে, কিন্তু তারা এটা বুঝতে পারে না যে কাউকে জীবন থেকে ছেঁটে ফেলা হচ্ছে না, বরং এটি শেষ পর্যন্ত নিজেকে বাঁচানোরই একটি সিদ্ধান্ত।’
পোস্টের শেষে প্রভা লেখেন, যেখানে বারবার আঘাত পেতে হয়, সেখানে সুস্থ হয়ে ওঠা কঠিন। একইভাবে যে পরিবেশ মানুষের মানসিক পরিসর সংকুচিত করে দেয়, সেখানে নিজের বিকাশও সম্ভব হয় না। তাই কোনো সম্পর্ক বা পরিস্থিতি থেকে সরে আসা মানেই কাউকে ছেড়ে দেওয়া নয়; বরং এটি নিজের আত্মমর্যাদা ফিরে পাওয়ার পথ। কখনো কখনো কিছু ছেড়ে দেওয়াই হতে পারে ভালোবাসার সবচেয়ে শক্তিশালী প্রকাশ।


