ব্লক মার্কেটে ভর করে বড় লেনদেন
বেশির ভাগ কোম্পানির হিসাব বছরের শেষ দিনে ব্লক মার্কেটের লেনদেনে ভর করে গতকাল রোববার দেশের দুই শেয়ারবাজারে ১ হাজার ৩০০ কোটি টাকার বেশি মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে। সাম্প্রতিক সময়ের তুলনায় এ লেনদেন অনেক বেশি। শুধু গতকাল নয়, জুনের শেষ দুই সপ্তাহে ব্লক মার্কেটে বড় অঙ্কের শেয়ার কেনাবেচা হতে দেখা গেছে। অনেকের নিজের নিয়ন্ত্রণে থাকা অন্য হিসাবে শেয়ার কেনাবেচা করে মুনাফা দেখানো লেনদেন বৃদ্ধির বড় কারণ বলে জানা গেছে।
গতকাল ঢাকার শেয়ারবাজার ডিএসইতে ৭১২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এর মধ্যে ২৯৬ কোটি ৭৯ লাখ টাকা বা ৪১ দশমিক ৬৪ শতাংশ হয়েছে ব্লক মার্কেট। শেষ আধা ঘণ্টায় এ বাজারে ২৮৭ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। ব্লক মার্কেট হলো বড় অঙ্কের শেয়ার লেনদেনের আলাদা ব্যবস্থা, যেখানে ৫ লাখ টাকার কম লেনদেন হয় না।
চট্টগ্রামকেন্দ্রিক শেয়ারবাজার সিএসইতে ৬২৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এর মধ্যে ব্লক মার্কেটেই ৬১৯ কোটি ২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা মোটের ৯৯ দশমিক ১৫ শতাংশ। সিএসইতে সাধারণ বিনিয়োগকারীদের বাজার বা পাবলিক মার্কেটে মাত্র ৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।
ডিএসইর ব্লক মার্কেটে সর্বাধিক ৯৬ কোটি ২৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে যমুনা অয়েলের। কোম্পানিটির ৫০ লাখ শেয়ার কেনাবেচা হয়েছে ১৯২ টাকা ৫০ পয়সা দরে। অথচ পাবলিক মার্কেটে এ শেয়ার ১৭২ টাকা ৭০ পয়সা থেকে সর্বোচ্চ ১৭৫ টাকা ৯০ পয়সায় কেনাবেচা হয়েছে। সিএসইতে স্কয়ার ফার্মার শেয়ার পাবলিক মার্কেটে ২১১ টাকা ৫০ থেকে ২১৩ টাকায় কেনাবেচা হলেও ব্লকে ২২৫ টাকা দরে মোট ১ কোটি ৪ লাখ ৫৭ হাজার শেয়ার মোট ২৩৫ কোটি টাকায় কেনাবেচা হয়েছে। ডিএসইতে এডভেন্ট ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ, সি পার্ল হোটেল কোম্পানির শেয়ার উল্লেখযোগ্য বেশি দামে কেনাবেচা হয়েছে।
এদিকে গতকাল অধিকাংশ শেয়ার দর হারিয়েছে। ডিএসইতে ৯০ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দরবৃদ্ধির বিপরীতে ২৬৫টি দর হারিয়েছে। অপরিবর্তিত থেকেছে ৩৮টির দর। অবশ্য লেনদেনের শুরুতে ৩১ শেয়ারের বাইরে প্রায় সব শেয়ার দর হারিয়ে কেনাবেচা শুরু হয়েছিল। এতে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৪ পয়েন্ট হারিয়ে ৫২৯০ পয়েন্টে নামে। তবে লেনদেনের শেষাংশে দরপতনের হার কমলে সূচক আগের দিনের তুলনায় ২৭ পয়েন্ট হারিয়ে ৫৩২৮ পয়েন্টে থামে।
এন এস



