ব্যাংকের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ নয়
এখন থেকে পছন্দ মতো ব্যাংকের স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া যাবে না। ব্যাংক বা ব্যাংকসংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে অতীত, বর্তমান বা ভবিষ্যৎ স্বার্থ জড়িত নেই– এমন ব্যক্তিকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিতে হবে। সর্বোচ্চ বয়স হবে ৪৫ থেকে ৭৫ বছর। তাকে অর্থনীতি, আইন, ব্যবসা-বাণিজ্যসংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর হতে হবে। স্বতন্ত্র পরিচালক নিয়োগের আগে প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক তাঁর সাক্ষাৎকার নেবে। এরকম বেশ কিছু শর্ত জুড়ে দিয়ে গতকাল বাংলাদেশ ব্যাংক স্বতন্ত্র পরিচালক নিয়োগের নীতিমালা জারি করেছে।
নীতিমালায় বলা হয়েছে, ব্যাংকের অর্থ সংগ্রহের প্রধান উৎস আমানতকারী। ফলে তাদের আস্থা অর্জন ও বজায় রাখা অপরিহার্য। আমানতকারীর স্বার্থ রক্ষায় অন্য পরিচালকদের চেয়ে স্বতন্ত্র পরিচালকদের দায়দায়িত্ব অধিকতর গুরুত্বপূর্ণ। তিনি স্বার্থের সংঘাত পরিহার করে আমানতকারী ও সাধারণ শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণে সর্বদা সচেষ্ট থাকবেন। তিনি পর্ষদ সভায় কোনো স্মারক উত্থাপন করলে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। পর্ষদে কোনো আইন লঙ্ঘন হলে তা কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে। এখন থেকে স্বতন্ত্র পরিচালকদের মধ্য থেকেই পরিচালনা পর্ষদের অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচন করতে হবে।
এতে আরও বলা হয়, কোনো স্বতন্ত্র পরিচালকের পরিবারের সদস্যরা শেয়ার ধারণ বা কোনো লাভজনক পদে থাকতে পারবেন না। ঋণখেলাপি কিংবা অন্যের পাওনা পরিশোধ করেননি– এমন ব্যক্তিকে এ পদে বসানো যাবে না। ফৌজদারি অপরাধে দণ্ডিত, দেওয়ানি বা ফৌজদারি মামলায় আদালতের রায়ে কোনোরূপ বিরূপ পর্যবেক্ষণ বা কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন– এমন ব্যক্তিকে স্বতন্ত্র পরিচালক করা যাবে না। স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি, ব্যাংকিং, ফিন্যান্স, ব্যবসায় প্রশাসন, আইন, হিসাববিজ্ঞান বা অ্যাকাউন্টিং বিষয়ের অভিজ্ঞ শিক্ষক বা পেশায় নিয়োজিত ব্যক্তি, অভিজ্ঞ ব্যাংকার, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য, শিল্প ও আইন মন্ত্রণালয়ের অভিজ্ঞ কর্মকর্তাদের অগ্রাধিকার দিতে হবে। বর্তমানে যারা আছেন, এসব যোগ্যতায় ঘাটতি থাকলে মেয়াদ পূর্তি পর্যন্ত থাকতে পারবেন।
স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন্য জীবনবৃত্তান্তসহ বাংলাদেশ ব্যাংকের লিখিত পূর্বানুমোদন নিতে বলা হয়েছে। স্বতন্ত্র পরিচালকরা প্রতি বৈঠকে উপস্থিতির জন্য অন্যসব পরিচালকের মতো ১০ হাজার টাকা সম্মানি পাবেন। পাশাপাশি প্রতি মাসে ৫০ হাজার টাকা স্থায়ী সম্মানি দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে কিংবা কোনো অভিযোগ প্রমাণিত হলে বা দায়িত্বে অবহেলাজনিত বিরূপ পর্যবেক্ষণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক। সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক স্বতন্ত্র পরিচালককে অপসারণ করতে পারবে। পরিচালনা পর্ষদ স্বতন্ত্র পরিচালককে অপসারণের জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করতে পারবে।



