down of head

ব্যাংকের তুলনায় পিছিয়ে বিমা

গ্রাহক আস্থার দিক দিয়ে দেশের ব্যাংক খাতের তুলনায় বিমা খাত অনেক পিছিয়ে রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গ্রাহকের আস্থা বাড়াতে নতুন উদ্যোগ নেয়াও জরুরি, এমনটাই বলছেন তারা। বুধবার পূর্বাচলে ক্যাডেট কলেজ ক্লাবে ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) কর্মশালায় এমন অভিমত ব্যক্ত করেন তারা। কর্মশালায় ৩৫ সদস্য উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন আইআরএফ সভাপতি গাজী আনোয়ারুল হক।

আলোচকরা বলেন, ব্যাংক খাতে সুশাসন থাকলেও বিমা খাতে সেটি এখনো প্রতিষ্ঠিত হয়নি। এ খাত এগিয়ে নিতে এখন গ্রাহকদের আস্থা কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে উদ্যোগ নিতে হবে।

কর্মশালায় গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রাকিবুল করিম বলেন, বিমা খাতের প্রতি গ্রাহকের আস্থা বাড়াতে হলে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসতে হবে। গ্রাহকের দাবি কীভাবে আরও দ্রুত পরিশোধ করা যায়, সে বিষয়ে কোম্পানিগুলোকে প্রযুক্তিগত উন্নয়ন করতে হবে।

রাকিবুল করিম বলেন, বিমায় মাত্র সাত-আটটি কোম্পানির দাবি পরিশোধ না করায় পুরো সেক্টরের ওপর দায় পড়ছে। এখন এই সেক্টরকে রক্ষা করতে হলে এই দায় থেকে বের হয়ে আসতে হবে। কোম্পানিগুলোকে দাবি পরিশোধে সচেষ্ট হতে হবে এবং আইডিআরএ’র তদারকি বাড়ানো উচিত।

তিনি বলেন, প্রযুক্তির দিক থেকে গার্ডিয়ান লাইফ অনেকটাই এগিয়ে। আমাদের কোম্পানির উদ্যোক্তারা দেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপ। ফলে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে গার্ডিয়ান লাইফ শতভাগ ক্যাশলেস লেনদেন পরিচালনা করছে এবং তিন থেকে সাত দিনের মধ্যে দাবি পরিশোধের ব্যবস্থা করছে।

পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়ে রাকিবুল করিম বলেন, আমরা ফিক্সড প্রাইস পদ্ধতিতে পুঁজিবাজারে যেতে আগ্রহী নই। আমাদের কোম্পানির যে গ্রোথ এবং সুনাম রয়েছে, তাতে গার্ডিয়ান লাইফের শেয়ারের অভিহিত মূল্য অবশ্যই ১০ টাকার বেশি হবে।

তিনি আরও বলেন, আমরা আমাদের গ্রাহকদের সর্বোচ্চ সেবা অব্যাহত রেখেছি। আশা করছি, পুঁজিবাজারে আমরা খুবই শক্তিশালী কোম্পানি হিসেবে তালিকাভুক্ত হতে পারব।

কর্মশালায় জানানো হয়, ২০২৫ সালে ৩৬টি জীবনবিমা কোম্পানির মাধ্যমে ৫ হাজার ৫৫৪ কোটি টাকার মোট প্রিমিয়াম আয় হয়েছে। এর মধ্যে ১৪ কোম্পানির অংশীদারত্ব ৮৮ শতাংশ। শীর্ষ ১০ কোম্পানি ১০০ কোটি টাকার বেশি আয় করেছে এবং মোট প্রিমিয়ামের ১২ শতাংশ সংগ্রহ করেছে ২১টি কোম্পানি।

আইডিআরএ’র সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৮২টি বিমা কোম্পানি রয়েছে, এর মধ্যে ৩৬টি জীবনবিমা ও ৪৬টি সাধারণ বিমা কোম্পানি।

এনএস

সম্পর্কিত খবর