ব্যাংকিং সেবা ডিজিটাল করতে দ্রুত উদ্যোগ: অর্থমন্ত্রী
দেশের ব্যাংকিং ও আর্থিক সেবা আরও সহজ, স্বচ্ছ ও সময়োপযোগী করতে দ্রুত পুরো দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং সময় ও ব্যয় কমাতে ডিজিটাল প্রযুক্তির বিকল্প নেই।
আজ (৬ জুলাই) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, দেশের সাধারণ জনগণ, ব্যবসায়ী, কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষকে ডিজিটাল সেবার আওতায় আনতে হবে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর সেবার সম্প্রসারণ অপরিহার্য।
তিনি বলেন, সরকারের প্রণীত বাজেটে সমাজের সব স্তরের মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি সাধারণ কারিগর, শিল্পী ও গায়কদেরও উন্নয়ন পরিকল্পনার অংশ করা হয়েছে। এই অগ্রযাত্রাকে সফল করতে প্রযুক্তিনির্ভর সেবার বিস্তার জরুরি।
আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী জানান, তথ্যপ্রযুক্তি খাতে বিশ্বের অন্যতম অগ্রসর দেশ এস্তোনিয়ার ডিজিটাল মডেল পর্যালোচনায় সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে সেখানে অবস্থান করছে। দেশের আর্থিক খাতে আন্তর্জাতিক সেরা অনুশীলন দ্রুত বাস্তবায়নের নির্দেশও দেন তিনি।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, উদ্ভাবনী সেবা প্রদর্শনের পাশাপাশি এসব সেবার বাস্তব ব্যবহার বাড়াতে হবে। কত শতাংশ গ্রাহক ডিজিটাল সেবা পাচ্ছেন, তা নিয়মিত মূল্যায়ন করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, গ্রাহকদের প্রচলিত পদ্ধতি থেকে বের করে অনলাইনভিত্তিক সেবায় অভ্যস্ত করতে ব্যাংকের প্রতিটি শাখাকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ডিজিটাল সেবার সুবিধা সম্পর্কে গ্রাহকদের সচেতন করতে বিভিন্ন মাধ্যমে প্রচার কার্যক্রম জোরদার করারও পরামর্শ দেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ব্যাংক, বীমা ও পুঁজিবাজারসহ সব আর্থিক প্রতিষ্ঠানের ডিজিটাল সেবার পরিধি ও ব্যবহার বাড়াতে হবে, যাতে মানুষ ঘরে বসেই কিংবা চলার পথে সহজে সেবা নিতে পারেন। এতে সময়, যাতায়াত ব্যয় ও হয়রানি কমবে এবং দেশের সামগ্রিক উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে।
তিনি গণমাধ্যমের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ সম্পর্কে জনগণকে অবহিত করলে ডিজিটাল সেবা ব্যবহারে সচেতনতা বাড়বে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারকের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, বিভিন্ন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


