বৈঠকে যে সিদ্ধান্ত নিল উপদেষ্টা পরিষদ
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। (২২ মে) প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিষদের ২৯ তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, এবং জুলাই গণঅভ্যুত্থান শহীদ পরিবারের পুনর্বাসন সংক্রান্ত অধ্যাদেশ নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
এছাড়া বাংলাদেশ-নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ-প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি এবং সংস্কার কমিশনের বাস্তবায়নযোগ্য সুপারিশগুলোর কার্যক্রম এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সব অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদনের আগে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগে ভেটিং করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ এই সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন প্রক্রিয়ায় সার্বিক সমন্বয় করবে।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ ২০২৫ এর মাধ্যমে ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের পরিবারকে আর্থিক সহায়তা, পুনর্বাসন এবং কল্যাণমূলক সুবিধা প্রদানের বিধান করা হবে বলে জানা গেছে।



