বিদ্যুৎ বিভাগের অভিন্ন দর তফসিল অনুমোদন, অবিলম্বে কার্যকর

বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন দর তফসিল-২০২৬’ অনুমোদন করেছে অর্থ বিভাগ। আন্তঃমন্ত্রণালয় কারিগরি কমিটির সুপারিশের ভিত্তিতে এ দর তফসিল নির্ধারণ করা হয়েছে। এ দর তফশিল অবিলম্বে কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১ এর ব্যয় ব্যবস্থাপনা শাখা-৫ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন করে নির্ধারিত এ দর তফসিল বিদ্যুৎ বিভাগের আওতাধীন সব দপ্তর ও সংস্থার পাশাপাশি অন্যান্য সরকারি দপ্তরের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব দপ্তরকে তাদের ওয়েবসাইটে দর তফসিলটি আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, পূর্বে বিভিন্ন দপ্তরের জন্য অনুমোদিত দর তফসিলে বর্ণিত অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। নতুন দর কার্যকরের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড নির্ধারিত মূল্য সংযোজন কর (ভ্যাট), আয়কর, শুল্ক ও অন্যান্য প্রযোজ্য কর ও ডিউটি বহাল থাকবে।

এছাড়া দর তফসিল অনুযায়ী কাজ বাস্তবায়নের সময় পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ এবং অন্যান্য প্রচলিত আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনর্নির্ধারিত এ দর তফসিল অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। তবে, বিশেষ কোনো কাজের ক্ষেত্রে বর্তমান দর তফসিলের বাইরে কোনো আইটেমের প্রয়োজন হলে সংশ্লিষ্ট দপ্তর বা সংস্থার প্রধান কিংবা বোর্ডের অনুমোদন সাপেক্ষে প্রচলিত বাজারদরের ভিত্তিতে ওই আইটেমের বিশ্লেষণী দর অনুমোদন করা যাবে।

বিদ্যুৎ বিভাগের ২০২৫ সালের ২৪ ডিসেম্বরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ এ অনুমোদন দিয়েছে।

সম্পর্কিত খবর