down of head

বারভিডার ডাকে দেশজুড়ে গাড়ির শোরুম বন্ধ

আমদানি নীতিতে জাপানি রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি (ইভি) আমদানির সুযোগ বন্ধের প্রতিবাদে আজ ১৭ সেপ্টেম্বর দেশজুড়ে শোরুম ও গাড়ি খালাস কার্যক্রম বন্ধ রেখেছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকল ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)।

বারভিডার দাবি, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা ছাড়াই গত ২৪ আগস্ট নতুন আমদানি নীতিতে রিকন্ডিশন্ড জাপানি ইভি আমদানির সুযোগ বন্ধ করা হয়েছে। সংগঠনটি এ সিদ্ধান্তকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

বারভিডার সিদ্ধান্ত অনুযায়ী, আজ সারা দেশে দিনব্যাপী সব শোরুম বন্ধ থাকবে। একই সঙ্গে বিআরটিএতে গাড়ি নিবন্ধন, কাস্টম হাউসে আমদানিকৃত গাড়ির রাজস্ব পরিশোধ, ই-পেমেন্ট এবং বন্দর থেকে গাড়ি খালাসের কার্যক্রমও স্থগিত থাকবে।

বারভিডার পাবলিকেশন অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মো. আবদুল আউয়াল বলেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা না করে একতরফাভাবে নীতি গ্রহণ করায় এ কর্মসূচি দেওয়া হয়েছে। রিকন্ডিশন্ড মোটরযান খাত দেশের অর্থনীতি ও রাজস্ব আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও দাবি করেন তিনি।

বারভিডা ও এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক এবং অটো প্লাসের স্বত্বাধিকারী আবু হোসেন ভূঁইয়া (রানু) বলেন, জাপানি রিকন্ডিশন্ড গাড়ির চাহিদা রয়েছে এবং এসব গাড়ির খুচরা যন্ত্রাংশ দেশের বিভিন্ন স্থানে সহজলভ্য। তাই কোনো একটি পক্ষকে সুবিধা না দিয়ে বাজারে সমান সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

তিনি বলেন, রিকন্ডিশন্ড জাপানি ইভি আমদানির সুযোগ বন্ধ হলে এ খাতের সঙ্গে জড়িত বিপুলসংখ্যক কর্মীর কর্মসংস্থান হুমকির মুখে পড়বে। সরকারের কাছে আমদানি নীতির সংশ্লিষ্ট সিদ্ধান্ত প্রত্যাহার করে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান তিনি।

বারভিডার নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দ্রুত নীতি সংশোধন করে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় না বসলে তাদের আন্দোলন আরও কঠোর হতে পারে।

সম্পর্কিত খবর