বাজেট সরকারের নীতির পথে হাঁটছে না
বাজেট সরকারের ঘোষিত মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি নীতির পথে হাঁটছে না। পঞ্চবার্ষিকী প্রেক্ষিত নীতিতে বৈষম্য কমানো, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং দরিদ্র মানুষকে বেশি উপকৃত করবে—এমন অর্থনৈতিক কর্মকাণ্ড হাতে নেয়ার বিষয়গুলো রয়েছে। অথচ বাজেটে বেশির ভাগই বৃহৎ ব্যবসাবান্ধব সিদ্ধান্ত।
গতকাল রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে আয়োজিত ২০২২-২৩ অর্থবছরের বাজেট পর্যালোচনায় এসব কথা বলেন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির গবেষণা পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।
সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, ব্যক্তি খাতের বিপুলসংখ্যক মানুষ অতি ক্ষুদ্র ব্যবসায় জড়িত। তাদের আয় বাড়ার পরিবর্তে বরং মূল্যস্ফীতির কারণে কমে গিয়েছে। এ জায়গাগুলোয় গুরুত্ব দেয়া উচিত।
সরকার কালো টাকা সাদা করার জন্য নানা সময় নানা উদ্যোগ নিয়েছে। আমরা জানি সেগুলো খুব বেশি সফল হয়নি। আমাদের মূল জায়গায় যেতে হবে। রাজস্ব আদায়ের জন্য কর নীতির সংস্কার এবং কর অবকাঠামোর সংস্কার দরকার। এ দুটি জায়গায় আগ্রহ কম। এগুলো যদি করা যেত, তাহলে এত বেশি টাকা পাচার হতো না। এখন যারা পাচার করেছে তাদের স্বীকৃতি দেয়া হচ্ছে। এটা নৈতিক নয়। সরকারকে এ পদক্ষেপ অবশ্যই বাদ দিতে হবে।



