বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা , প্রতিবাদে অবস্থান কর্মসূচি
শাহাদাত হোসেন
ব্যাংক খাতের অনিয়ম দুর্নীতি ঋণ খেলাপি ঢাকতে গণমাধ্যম কর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক মাস ধরে এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। এর প্রতিবাদে ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাংবাদিকেরা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সাড়ে ১১টা থেকে ১ টা পর্যন্ত সেখানে অবস্থান করেন অর্থনীতি বিটের রিপোর্টাররা ।
বিক্ষুব্ধ সাংবাদিকরা বলেন, বিষয়টি সমাধানের জন্য অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে বৈঠক করেন। কিন্তু তিনি কোনো সমাধান দেননি। এর প্রতিবাদে আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি।
বৈঠকে শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত মতে এখন থেকে সাংবাদিকরা ব্যাংকের নির্দিষ্ট অনুমতিপত্র (প্রবেশ পাস) নিয়ে শুধু মুখপাত্রের কাছেই আসতে পারবে। তবে কেন্দ্রীয় ব্যাংকের কোনো কর্মকর্তা যদি সাংবাদিকদের পাস দেন, সে ক্ষেত্রে তারা শুধু সেই কর্মকর্তার কাছে যেতে পারবেন, অন্য কোনো ভবনে এবং অন্য কোন ফ্লোরে যেতে পারবেন না। তবে আগের মতো তারা (সাংবাদিক) অবাধে কোনো বিভাগে প্রবেশ করতে পারবেন না।
বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্তের প্রতিবাদে কেন্দ্রীয় ব্যাংকের সব ধরনের কর্মসূচি বয়কটের কথা ভাবছেন অর্থনীতি বিটের রিপোর্টাররা।
এস এইচ



