পবিত্র আল–আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর হামলা
পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে উগ্রপন্থি ইসরায়েলিরা।
জেরুজালেম দিবস উদযাপনের সময় তাদের উপর হামলা করা হয়। জেরুজালেমের পুরোনো শহরের অলিগলি এবং মুসলিম অধ্যুষিত এলাকার ভেতর দিয়ে মিছিল করার সময় কিছু ইসরায়েলিকে “আরবদের মৃত্যু হোক” এবং “তোমাদের গ্রাম জ্বলে যাক” বলে স্লোগান দিতে দেখা যায়। এ সময় মিছিল থেকে হঠাৎ করে আল-আকসা মসজিদের প্রাঙ্গণ ও জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) কার্যালয়ে ঢুকে পড়ে উগ্রপন্থী ইসরায়েলিরা। তারপর হামলা চালায়।
১৯৬৭ সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয় এবং তখন থেকে শহরটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। প্রতি বছর ২৬ মে ইসরায়েলে জেরুজালেম দিবস হিসেবে পালিত হয়, যা একটি বার্ষিক ছুটির দিন। এই দিনের স্মরণে প্রতি বছর একটি মিছিল বের করা হয়। দিবসটি উপলক্ষ্যে জেরুজালেম শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকলেও হামলা এড়ানো যায়নি।
ইউএনআরডব্লিউএর পশ্চিম তীরের সমন্বয়কারী রোলান্ড ফ্রিডরিশ জানান, ডজনখানেক ইসরায়েলি মিছিলকারী ইসরায়েলি পুলিশের সামনেই মূল ফটক বেয়ে ওই প্রাঙ্গণে প্রবেশ করে।



