পদত্যাগ করেছেন আইডিআরএ সদস্য ফজলুল হক
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক পদত্যাগ করেছেন। বুধবার তিনি তাঁর পদত্যাগপত্র অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে জমা দিয়েছেন।
ফজলুল হকের পদত্যাগের ফলে আইডিআরের সদস্য (প্রশাসন) পদটি শূন্য হয়। এ পদে নতুন সদস্য নিয়োগের প্রক্রিয়াও ইতোমধ্যে এগিয়েছে। বৃহস্পতিবার নতুন সদস্য নিয়োগের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ফজলুল হক আইডিআরএর সদস্য (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। সাবেক চেয়ারম্যান ড. এম আসলাম আলমের পদত্যাগের পর তাঁকে চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল।
ফজলুল হক সাবেক অতিরিক্ত সচিব। ২০২৪ সালের ডিসেম্বরে তাঁকে আইডিআরএর সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়।


