ন্যাশনাল হাউজিংয়ে ১০% নগদ লভ্যাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। ২০২৫ সালের আর্থিক ফলাফলের ভিত্তিতে এ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় অনলাইনে কোম্পানিটির ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডাররা ১ টাকা করে নগদ লভ্যাংশ পাবেন।
কোম্পানির চেয়ারম্যান ড. খন্দকার শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে কোম্পানির পরিচালক, উদ্যোক্তা, অডিট কমিটির চেয়ারম্যান এবং উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন। এ সময় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম এবং কোম্পানি সেক্রেটারি মো. সরোয়ার কামাল, এফসিএসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় কোম্পানির চেয়ারম্যান ড. খন্দকার শওকত হোসেন আগামী দিনগুলোতে কোম্পানির অগ্রগতি ও উন্নয়নে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি মূলত গৃহঋণ ব্যবসার সঙ্গে জড়িত।
কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের মোট শেয়ারহোল্ডার ইকুইটির পরিমাণ ২ হাজার ১৯৬ দশমিক ০৮ মিলিয়ন টাকা। একই সময়ে কোম্পানিটির নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে শেয়ারপ্রতি ১৭ দশমিক ০৬ টাকা।



