নতুন তাপপ্রবাহের শঙ্কায় ইউরোপ
ইউরোপের বড় একটা অংশে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠতে পারে৷ বিশেষ করে অন্তত ৯ কোটি ২০ লাখ মানুষ বসবাস করেন এমন কয়েকটি দেশ, যেমন, ফ্রান্স, ইতালি ও স্পেনের ক্ষেত্রে এ আশঙ্কা প্রবল৷
দ্রুততম সময়ে উষ্ণ হতে থাকা মহাদেশ ইউরোপের কিছু এলাকা তীব্র গরম মোকাবিলায় এখনো যথেষ্ট প্রস্তুত নয়৷ অথচ মহাদেশটিতে বারবার আঘাত হানছে তাপপ্রবাহ, খরা ও দাবানল৷ চলতি বছর এ পর্যন্ত কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে এসবের প্রভাবে৷
বিজ্ঞানীদের মতে, প্রকৃতি এতটা বিরূপ হওয়ার কারণ জলবায়ু পরিবর্তন এবং জলবায়ুর এমন পরিবর্তনের জন্য দায়ী মানুষের নানা ধরনের কর্মকাণ্ড৷
জার্মানির আবহাওয়া পরিষেবা এবং জয়েন্ট রিসার্চ সেন্টারের ২০২৫ সালের জনসংখ্যা প্রাক্কলন সংক্রান্ত এক বিশ্লেষণ অনুযায়ী, তুরস্ক ছাড়া ইউরোপের অর্ধেকেরও বেশি, অর্থাৎ প্রায় ৩০ কোটি মানুষকে বুধবার ৩০ ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়েও তাপমাত্রা সহ্য করতে হতে পারে৷ বিশেষ করে ইউরোপের পশ্চিম ও দক্ষিণাঞ্চলে তাপপ্রবাহ সবচেয়ে তীব্র হতে পারে৷ ফ্রান্সে ৩ কোটি মানুষ বসবাস করেন এমন এলাকায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠতে পারে, তবে পাহাড়ি এলাকা ও উত্তর-পূর্বাঞ্চলে তাপমাত্রা কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে৷
ইতালিতে ২ কোটি ৯০ লাখ এবং স্পেনে ২ কোটি ১০ লাখ মানুষের আবাস-অঞ্চলেও তাপমাত্রা তীব্র হওয়ার পূর্বাভাস রয়েছে৷ তাপপ্রবাহের বিস্তার বলকান অঞ্চল, বিশেষ করে গ্রিস এবং আলবেনিয়া ও ক্রোয়েশিয়াসহ আড্রিয়াটিক উপকূলীয় এলাকা পর্যন্ত ছড়াতে পারে৷ ইউরোপের উত্তরাঞ্চলের দেশ যুক্তরাজ্যেও ৪ কোটি ৩০ লাখ মানুষের এলাকায় তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠার আশঙ্কা রয়েছে৷ গত মঙ্গলবার যুক্তরাজ্যের সরকারি আবহাওয়া সংস্থা জানায়, দেশটিতে এবারের গ্রীষ্মকাল সর্বকালের উষ্ণতম হওয়ার পথে৷


