দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়াতে নেপালি ও বাংলাদেশী বিনিয়োগকারীদের প্রতি আহ্বান
বাংলাদেশ ও নেপালের বিনিয়োগকারীদের দ্বিপক্ষীয় বিনিয়োগের যথেষ্ট ইতিবাচক সম্ভাবনা রয়েছে। ভোগ্যপণ্য উৎপাদন খাতে বাংলাদেশ নেপালের বিনিয়োগকারীদের এবং স্বাস্থ্য, জ্বালানি ও অবকাঠামো খাতে বাংলাদেশী বিনিয়োগকারীদের জন্য নেপাল অত্যন্ত সম্ভাবনাময়। গতকাল ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশ ও নেপালের মধ্যকার বাণিজ্য এবং বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় এমনটা বলেন বক্তারা।
এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। দ্য কনফেডারেশন অব নেপালিজ ইন্ডাস্ট্রিজের (সিএনআই) সভাপতি বিষ্ণু কুমার আগারওয়ালের নেতৃত্বে বাংলাদেশ সফররত ১৩ সদস্যের একটি প্রতিনিধি দলের সম্মানে ডিসিসিআই এ আলোচনা সভার আয়োজন করে। এ সময় ডিসিসিআই ও সিএনআইয়ের মধ্যে একটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সিএনআইয়ের সহসভাপতি নির্ভানা চৌধুরী ও বাংলাদেশে নিযুক্ত নেপাল দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স কুমার রায়, ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি এনকেএ মবিন ও সহসভাপতি মনোয়ার হোসেন প্রমুখ।
এসময় বাণিজ্য সচিব জানান, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে ‘অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ)’ স্বাক্ষরের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নেপাল সরকারের অনুমোদন পেলে শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হবে।


