দুই ঘণ্টায় সাড়ে ৩০০ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন
দেশের পুঁজিবাজারে চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আজ মঙ্গলবার উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। এদিন বেলা ১২টা পর্যন্ত প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক কমতে দেখা গেছে। এসময় পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে সাড়ে ৩০০ কোটি টাকার বেশি সিকিউরিটিজ লেনদেন হয়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ সকাল ১০ টায় লেনদেন শুরুর পর থেকেই ডিএসইর সূচকগুলো কখনো ঊর্ধ্বমুখী আবার খনে নিম্নমুখী হতে দেখা যায়। বেলা ১২ টা পর্যন্ত সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট হারিয়ে ৬ হাজার ৩৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এসময় পর্যন্ত প্রায় ৬ পয়েন্ট কমে ২ হাজার ৩১১ ও শরিয়াহ সূচক ডিএসইএস প্রায় ২ পয়েন্ট কমে ১ হাজার ৩৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও কর্পোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১৬৯টির, কমেছে ১৪৮টির, আর অপরিবর্তিত রয়েছে ৬২টি সিকিউরিটিজের বাজারদর। এসময় পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে ৩৫৪ কোটি ৬৭ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।



