দশ মিনিট বৃষ্টিতে হাঁটুপানি
পুরান ঢাকার বংশালের সিক্কাটুলী লেনে একটি সড়কে জলাবদ্ধতা সমস্যার সমাধান হয়নি দুই যুগেও। ১০ মিনিটের বৃষ্টিতে হাঁটুপানিতে তলিয়ে যায় সড়কটি। দীর্ঘদিন ভোগান্তির শিকার কয়েকজন বাসিন্দা জানান, সিক্কাটুলীর এই রাস্তায় জলাবদ্ধতার জন্য বছরের পর বছর ভোগান্তি সহ্য করছেন তারা। এ এলাকায় এটা সবচেয়ে বড় সমস্যা। ১০ মিনিট বৃষ্টি হলে রাস্তাটি হাঁটুসমান পানিতে তলিয়ে যায়। আর এর চেয়ে একটু বেশি বৃষ্টিতে কোমরসমান পানি বাসাবাড়ি, দোকানপাটে ঢুকে পড়ে।
গতকাল সিক্কাটুলী সরেজমিনে দেখা যায়, সকালের অল্প বৃষ্টিতে বংশালের আশপাশের এলাকায় পানি জমে না থাকলেও সিক্কাটুলী লেনে পানি জমে আছে বিকেল পর্যন্ত। নিরুপায় এলাকার বাসিন্দারা নালা উপচে পড়া ময়লা পানিতে ডোবা রাস্তা দিয়েই চলাচল করছেন। রাস্তায় পানি জমে থাকায় ক্রেতা সংখ্যাও নেই বলেই চলে। তাই আশপাশের দোকানিদেরও অলস সময় পার করতে দেখা যায়।
১৮ বছর ধরে এই এলাকায় ওষুধের দোকান চালাচ্ছেন দুর্জয় শিকদার। তিনি বলেন, ‘এলাকায় পুরনো দোকান আমার। বৃষ্টির দিনে দুশ্চিন্তায় থাকতে হয় দোকান নিয়ে। একটু বেশি বৃষ্টি যেদিন হয়, সেদিন দোকানের ভেতর পানি চলে আসে। মাঝেমধ্যে ওষুধপত্র ভিজে নষ্ট হয়। এই সমস্যা তো আজকের না, অনেক বছর ধরে। মেয়র আসে, মেয়র যায় কিন্তু সিক্কাটুলীর রাস্তা ডোবার সমাধান হয় না।’
হাজি মো. হীরা নামের আরেক বাসিন্দা বলেন, ‘স্বাভাবিক বৃষ্টি হলে সিক্কাটুলীর রাস্তায় হাঁটা খুব ভোগান্তির। বৃষ্টির দিনে ময়লা পানিতে সয়লাব এই রাস্তা দিয়ে ছেলে-মেয়েদের নিয়ে স্কুলে যাওয়া যায় না। একটু বেশি বৃষ্টি হলে কোমর পর্যন্ত পানি উঠে পুরো এলাকা ডুবে যায়।’
ওই এলাকার সামাজিক সংগঠন সিক্কাটুলী মুসলিম যুব সংঘের সাধারণ সম্পাদক মো. শিপলু দেশ রূপান্তরকে বলনে, ‘একটি এলাকার উন্নয়নের জন্য সেখানকার রাস্তাঘাট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখের বিষয়, এ এলাকার রাস্তার অবস্থা খুব খারাপ। আর যে ড্রেনেজ ব্যবস্থা আছে, সেটিও ব্রিটিশ আমলের। এ জন্য সামান্য বৃষ্টিতে এই এলাকা তলিয়ে যায়। এই জলাবদ্ধতার জন্য বৃষ্টির সময় ব্যবসা-বাণিজ্যের অবস্থাও খুব খারাপ হয়ে যায়। এমনকি সারা দিন বৃষ্টি হলে এখানে নৌকাও চলে! এত বড় এলাকার জলাবদ্ধতা, ড্রেনেজ সমস্যার সমাধান তো আমাদের নিজ উদ্যোগে করাও সম্ভব না।’
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আউয়াল হোসেন বলেন, ‘এই এলাকার রাস্তা-ড্রেনের সমস্যা অনেক দিন ধরেই। কয়েক দিন আগেই ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের কাজ উদ্বোধন করা হয়েছে। আশা করি চার-ছয় মাসের মধ্যে পুরো কাজ শেষ হবে। তখন এলাকার বাসিন্দাদের এই সমস্যা থাকবে না।’
