তুরস্কে গম উৎপাদনে প্রবৃদ্ধির সম্ভাবনা দেখছে ইউএসডিএ

২০২২-২৩ মৌসুমে তুরস্কে গম উৎপাদন বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে দেশটির কৃষকদের শস্য উৎপাদনে অনেক বেশি ব্যয় করতে হচ্ছে। এর পরও উৎপাদন এক বছরের ব্যবধানে ১০ লাখ টন বাড়তে পারে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস।

পূর্বাভাস অনুযায়ী, ২০২২-২৩ মৌসুমে তুরস্কে ১ কোটি ৭০ লাখ টন গম উৎপাদন হতে পারে। এ পর্যন্ত তিন লাখ হেক্টর জমি গম আবাদের জন্য প্রস্তুত করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির আরো উন্নতি হলে আবাদ বাড়তে পারে।

ইউএসডিএ জানায়, টার্কিস লিরার বিনিময় মূল্য কমে যাওয়ায় সার ও জ্বালানি অনেক বেশি দামে আমদানি করতে হচ্ছে তুরস্ককে। এর বাইরে আন্তর্জাতিক বাজারে পণ্যের ঊর্ধ্বমুখী বাজারদর, সরবরাহ চেইনে জটিলতা ও ইউক্রেন যুদ্ধ দেশটির জন্য আরো বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এ পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে এসেছে দেশটির সরকার। কৃষকদের সার ও ডিজেল কেনার জন্য অর্থ সহায়তা দেয়া হয়েছে। যদিও দেশটির কৃষকরা জ্বালানি ও সারের মূল্যবৃদ্ধির তুলনায় এ সহায়তাকে অত্যন্ত কম বলে দাবি করেছেন। এ অবস্থায় অনেক কৃষক সারের ব্যবহার কমিয়ে দেয়ার কথা ভাবছেন। এমনটি ঘটলে উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

সম্পর্কিত খবর