ঢাকা-খুলনা মহাসড়কে বেড়েছে ব্যক্তিগত গাড়ির চাপ, ভোগান্তি
জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে ধর্মঘটের দ্বিতীয় দিনে শনিবার ঢাকা-খুলনা মহাসড়কে দেখা গেছে ব্যক্তিগত গাড়ির চাপ।
এছাড়াও পরিবহন না থাকার কারণে মহাসড়কে চলাচলকারী যাত্রীরা ভেঙে ভেঙে মাহেন্দ্রতে যাতায়াত করায় তাদের অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে। ফলে তাদের ভোগান্তিতে পোহাতে হচ্ছে।
শনিবার সরেজমিন ঢাকা- খুলনা মহাসড়ক ঘুরে এসব তথ্য জানা যায়।
রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে মাহেন্দ্রেতে গোয়ালন্দ বাজারে আসা যাত্রী জোসনা বেগম বলেন, গোয়ালন্দ মোড় থেকে দুদিন আগেও বাজারে ১০ টাকা ভাড়া দিয়ে এসেছিলাম এখন সে ভাড়া বাড়িয়ে সেখানে ১৫ টাকা করা হয়েছে। তেলের দাম বৃদ্ধির কারণে নাকি তারা ভাড়া বাড়িয়েছেন বলে জানান তিনি।
প্রাইভেটকারে ঢাকা থেকে আসা যাত্রী কামরুল হাসান বলেন, হঠাৎ করে আমার মা অসুস্থ হয়েছে শুনে ঢাকা থেকে ভোরে একটি প্রাইভেটকার ভাড়া করে দেশের বাড়ি মাগুরায় যাচ্ছি। একেতো মা অসুস্থ তার ওপর আবার বেশিভাড়া গুণে প্রাইভেটকার নিয়ে মাগুরা যেতে হচ্ছে। পরিবহন থাকলে এতো ভাড়া গুণতে হতো না বলে জানান তিনি।



