ঢাকায় আন্তর্জাতিক নির্মাণ ও সোলার প্রদর্শনী
ঢাকায় শুরু হতে যাচ্ছে নির্মাণ অবকাঠামো, কাঠশিল্প, ইন্টেরিয়র ও সোলার পণ্য বিষয়ক চারটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী এই প্রদর্শনী আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বসুন্ধরা আইসিসিবির এক্সপো ভিলেজে অনুষ্ঠিত হবে।
‘১০ম বাংলাদেশ বিল্ডকন’, ‘১০ম বাংলাদেশ উড এক্সপো’, ‘ইন্টেরিয়র এক্সপো’ ও ‘সোলার বাংলা এক্সপো’ নামের এই প্রদর্শনী যৌথভাবে আয়োজন করছে এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস ও ফিউচারেক্স। আর এর নলেজ পার্টনার হিসেবে থাকছে ‘ইন্টেরিয়র ডিজাইন বাংলাদেশ’ (আইডিবি)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে আয়োজকরা এ তথ্য জানায়।
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (এইচবিআরআই) মহাপরিচালক (অতিরিক্ত প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর) ড. প্রকৌশলী গিয়াসউদ্দিন হায়দার প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীটি উদ্বোধন করবেন। ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে এই প্রদর্শনীর পর্দা উঠবে।
এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া বলেন, ‘নির্মাণ খাত, কাঠশিল্প, ইন্টেরিয়র ও সোলার পণ্যের ব্যবহারকারীদের জন্য এটি নতুন প্রযুক্তি, নেটওয়ার্কিং ও ব্যবসার একটি চমৎকার প্ল্যাটফর্ম। দর্শনার্থীরা একই ছাদের নিচে আধুনিক নির্মাণসামগ্রী, গৃহসজ্জা, সোলার প্রোডাক্ট ও কাঠ প্রক্রিয়াজাতকরণের সর্বাধুনিক প্রযুক্তির সন্ধান পাবেন।’
নির্মাণ কার্যক্রম একটি নিয়মিত প্রক্রিয়া হওয়ায় খাতসংশ্লিষ্ট সবাই সবসময় সাশ্রয়ী, দক্ষ ও পরিবেশবান্ধব প্রযুক্তির খোঁজে থাকেন।
‘বাংলাদেশ বিল্ডকন’ প্রদর্শনীতে নির্মাণ খাতের প্রধান সমস্যা ও চ্যালেঞ্জগুলোর সমাধান তুলে ধরা হবে। আবার দেশের আসবাবপত্র খাতের মান ও উৎপাদন বাড়াতে আধুনিকায়ন প্রয়োজন। ‘বেস্ট সিএনসি রাউটার প্রেজেন্টস ১০ম বাংলাদেশ উড এক্সপো ২০২৬’ এই খাতের একমাত্র ও প্রধান প্রদর্শনী, যা আন্তর্জাতিক প্রযুক্তি দেশীয় ব্যবহারকারীদের কাছে নিয়ে আসছে। একই সঙ্গে সময়ের প্রয়োজনে ‘সোলার বাংলা’ ও ‘ইন্টেরিয়র এক্সপো’ যুক্ত করা হয়েছে।
স্থপতি ও ইন্টেরিয়র ডিজাইনারদের সম্পর্ক সুদৃঢ় করা এবং তরুণদের শেখার সুযোগ দিতে নলেজ পার্টনার ইন্টেরিয়র ডিজাইন বাংলাদেশ (আইডিবি) ১৯ সেপ্টেম্বর সকাল ১০টায় ‘আর্ক ইন্টেরিয়র ব্রিজ-২০২৬’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে। সেমিনারে স্থাপত্যশিল্পের নানা দিক নিয়ে আলোচনা করবেন স্থপতি এন আর খান এবং স্থপতি তানিয়া করিম।
দর্শনার্থীরা এক ছাদের নিচে অ্যাডহেসিভ, সিএনসি বয়লার, ফাইবার ও সিও২ লেজার, উড প্রিন্টিং, কনক্রিট ব্লক মেশিন, হার্ডওয়্যার, পার্টিকেল বোর্ড, পাওয়ার টুলস, কনস্ট্রাকশন ইকুইপমেন্ট, পাইপ, ক্যাবলস, সিলেন্ট, কনস্ট্রাকশন
কেমিক্যালস, সিরামিক, ইলেকট্রিক্যাল সুইচেস, ওয়াটার পাম্প, সোলার ইকুইপমেন্ট, কিচেন অ্যাপ্লায়েন্সেস, হোম অটোমেশন ও অ্যালুমিনিয়াম প্যানেলসহ নানা ধরনের পণ্য দেখতে পাবেন।
প্রদর্শনীটি প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে।



