টিকা না নিলে কঠোর অবস্থানে যাবো
করোনার প্রথম ডোজ নেওয়ার সময় আগামী ২৬ ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে উল্লেখ করে এই সময়ের মধ্যে সবাইকে নেওয়ার আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির। পরে টিকা কার্ড ছাড়া কাউকে পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা বঙ্গবন্ধু ডিজিটাল কর্নারে সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ইউএনও।
ইউএনও রায়হান কবির বলেন, এখনো উপজেলার ৬৩ হাজার মানুষ টিকার প্রথম ডোজ নেননি। টিকা গ্রহণে সবাইকে আগ্রহী করতে জনপ্রতিনিধিদের সহযোগিতা চান তিনি। এ ছাড়া টিকা নিতে মানুষকে আগ্রহী করতে মাইকিং, প্রচার প্রচারণা, মসজিদ-মন্দির-গির্জায় এ-সংক্রান্ত আলোচনা এবং সবস্তরের মানুষের সহযোগিতাও চান তিনি।
সভায় বক্তব্য দেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মির্জা রিয়াদ হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাসান উদ-দৌলা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস ছোবাহান আখঞ্জি, সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, নুরুল ইসলাম বাঘা, এসআই অপূর্ব কুমার শাহা, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. জসিম উদ্দিন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিস রমা কান্ত দেবনাথ, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা বিপ্লব সরকার, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনিরার শাহ প্রমুখ। এ ছাড়া এসময় উপজেলার সাতটি ইউনিয়নের ইউপি সচিব, সাংবাদিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


