টাঙ্গাইলের এটিএম লুঙ্গি কারখানায় আগুন
টাঙ্গাইলের এটিএম লুঙ্গি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। রবিবার দুপুর দেড়টার দিকে এই আগুনের খবর পায় ফায়ার সার্ভিস কর্মীরা। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূইয়া জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আগুনের সূত্রপাত এবং এতে ক্ষতির পরিমাণ সম্পর্ক জানতে চাইলে তিনি বলেন, তদন্ত শেষে এ তথ্য জানানো যাবে।
তবে আগ্নিকাণ্ডে এটিএম লুঙ্গি কারখানার পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন উইভিং সেক্টরের পরিচালক শরিফুল ইসলাম। তিনি বলেন, তুলায় থাকা লোহা জাতীয় কোনো কিছু ছিটকে কারেন্টে লেগে আগুনের সূত্রপাত হতে পারে।
কারাখানার শ্রমিক ও স্থানীয়রা জানায়, দুপুরে হঠাৎ লুঙ্গি কারাখানার তুলার গোডাউনের পাশেই কারখানার ওয়ার্কশপে আগুনের শিখা দেখা যায়। পরে সেটি মুহূর্তের মধ্যেই তুলার গোডাউনে ছড়িয়ে পরে। এ সময় গোডাউনে কর্মরতরা চিৎকার শুরু করলে শ্রমিকরা এগিয়ে গিয়ে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।



