আইডিআরএর নির্দেশনা লঙ্ঘন করছে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স
জাকির হোসেনের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন

জিনান মাহমুদ : 

সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড- এ চলতি দায়িত্বে থাকা সিইও মো. জাকির হোসেনের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। শিক্ষাগত যোগ্যতার ‘এমবিএ’ সনদ সঠিক বা বৈধ কিনা- যাচাই করছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। শুধু তাই নয়, জাকির হোসেন কে নিয়োগ দেয়ার ক্ষেত্রেও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা নি। সিইও হিসেবে নিয়োগের জন্য দু’টি পত্রিকায় বিজ্ঞাপনের বাধ্যবাধকতা থাকলেও তা অমান্য করেছে সানফ্লাওয়ার কর্তৃপক্ষ। একদিকে আইডিআরএর নির্দেশনা অমান্য, অন্যদিকে শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন- ফলে আবারও সিইও নিয়োগ সংক্রান্ত জটিলতায় পড়তে হচ্ছে বেসরকারী জীবন বীমা প্রতিষ্ঠান সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সকে।

সানফ্লাওয়ার লাইফের প্রস্তাবিত সিইও হিসেবে মো. জাকির হোসেন শিক্ষাগত যোগ্যতা হিসেবে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে ‘এমবিএ’ সনদের তথ্য আইডিআরএ কে দিয়েছেন। তাঁর দেয়া শিক্ষাসনদে ‘আস্থা’ রাখতে পারছে না নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান। শিক্ষাসনদে বড় ধরনের ত্রুটি রয়েছে- সন্দেহ করছে আইডিআরএ। এজন্য সনদ যাচাইয়ের কার্যক্রম শুরু করেছে। সনদ যাচাইয়ের জন্য নিয়োগ শাখার লাইফ অনুবিভাগ থেকে গত ২৫ মে দারুল ইহসান ট্রাস্ট বরাবর চিঠি দেয়া হয়।

আইডিআরএর উপসচিব মোহা: আব্দুল মজিদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘‘মো. জাকির হোসেন এর এমবিএ পাশের অর্জিত সনদটি যথাযথ কিনা এবং উল্লেখিত সনদটি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে ইস্যু হয়েছে কিনা এবং তা যথাযথ আছে কিনা- তাঁর সঠিকতা ও বৈধতা যাচাই করা প্রয়োজন।’’

শুধু সার্টিফিকেট ইস্যু নয়, মূখ্য নিবার্হী কর্মকর্তার শূন্য পদে জাকির হোসেনের নিয়োগের আবেদন তথ্যেও আইডিআরএর নির্দেশনা ভঙ্গ করেছে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ। মূখ্য নিবার্হী কর্মকর্তা নিয়োগ বা অপসারণ নীতিমালায় বলা হয়েছে, কোন বীমা প্রতিষ্ঠানের শূন্য পদে সিইও নিয়োগ দেয়ার আবেদন জানাতে হলে কমপক্ষে দু’টি জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশিত হতে হবে। আইডিআরএ পাঠানো তাঁর নিয়োগ সংক্রান্ত নথির তথ্যে কোন একটি বিজ্ঞাপনের কপিও দাখিল করা হয়নি। কোন পত্রিকায় বিজ্ঞাপন ছাড়া, কি করে সিইও নিয়োগ হয়- এ নিয়েও সানফ্লাওয়ারকে চিঠি দিয়েছে আইডিআরএ।

মূখ্য নির্বাহী কর্মকর্তার অনুমোদন প্রসঙ্গে একদিকে ‘আইডিআরএর নির্দেশনা’ লঙ্ঘন অন্যদিকে সার্টিফিকেট জটিলতা- কেন এতো ধুম্রজাল, তা নিয়ে প্রশ্ন তুলছেন খোদ সানফ্লাওয়ার লাইফ সংশ্লিষ্টরা। তাঁরা বিষয়গুলো খতিয়ে দেখার দাবী করছেন।

বিশেজ্ঞরা মনে করেন, মুখ্য নির্বাহী পদে অনিয়ম, আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এক্ষেত্রে আইনের যে বিধান রয়েছে তা পরিপালন না করাও আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

জাতীয় পত্রিকায় কেন বিজ্ঞাপন দেয়া হয়নি- এমন প্রশ্নের জবাবে মো. জাকির হোসেন বলেন, তাকে দ্রুত দ্রুত সিইও হিসেবে দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে। পত্রিকায় বিজ্ঞাপন বাধ্যতামূলক এটা তার জানা নেই। বরং তিনি এই প্রতিবেদককে উল্টো প্রশ্ন ছুড়ে বলেন, এটা কি রুলস? বিজ্ঞাপন দিতেই হবে?

সনদ সক্রান্ত জটিলতার বিষয় স্পষ্ট কোন উত্তর না দিয়ে বলেন, ‘‘দারুল ইহসানের সার্টিফিকেট নিয়ে যে সব কথা হচ্ছে, এটা দু:খজনক।’’

যদিও মালিকানা সংকট, অনিয়ম-দুর্নীতি ও ‘সনদ বাণিজ্যের’ অভিযোগে জর্জরিত বেসরকারি দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে ২০১৬ সালের ১৩ এপ্রিল রায় ঘোষণা করেন আদালত। অন্যদিকে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অনুমোদন হারায়।

বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট সাইফুল ইসলাম বলেন, এসব বিশ্ববিদ্যালয়ের সনদ দিয়ে চাকরী করার সুযোগ রয়েছে কিনা, এর আইনগত ভিত্তি খতিয়ে দেখা দরকার। নানা অনিয়মের কারণে এমনিতেই দেশের সাধারণ মানুষ বীমা প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা হারাচ্ছে। এ প্রেক্ষাপটে খাতটিতে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এজন্য আইডিআরএকে আরো বেশি কঠোর ভুমিকা পালন করতে হবে।

সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সিইও নিয়োগ প্রসঙ্গে আইডিআরএর একাধিক কর্মকর্তা জানান, জাকির হোসেনের এই সনদের সত্যতা যাচাইয়ের কাজ চলছে। এছাড়াও নিয়োগ নিয়ে পত্রিকায় বিজ্ঞাপন না দেয়ার কারণও জানতে চাওয়া হয়েছে। একইসাথে জাকির হোসেনে ঋণখেলাপি কিনা- তাও যাচাই করা হচ্ছে।

এ বিষয়ে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর চেয়ারম্যান মেজর (অব.) আবদুল মান্নানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

প্রিয় পাঠক, আমাদের অনুসন্ধান, সানফ্লাওয়ার লাইফ এবং আইডিআরএসহ একাধিক সূত্রে প্রাপ্ত তথ্যে এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নানা অনিয়ম আর জাল-জালিয়াতির তথ্য উঠে এসেছে। গ্রাহকদের বীমা দাবীও পরিশোধ করতে পারছেনা। দুর্নীতির কারনে ডুবতে বসছে জীবন বীমা খাতের এই প্রতিষ্ঠান। প্রতিনিয়ত নানা অভিযোগের পাহাড় জমছে আইডিআরএর কাছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’র নির্দেশনা, প্রজ্ঞাপন ও বীমা আইন লঙ্ঘন করে যেভাবে বীমা খাতকে বির্তকিত ও ক্ষতিগ্রস্থ করেছে সানফ্লাওয়ার লাইফ, বহুবার জরিমানা দিয়েও শাস্তিযোগ্য অপরাধে জড়িয়েছে – সেই তথ্য ধারাবাহিকভাবে তুলে ধরা হবে। থাকবে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স এর পিছিয়ে যাওয়ার নানান চিত্র। চোখ রাখুন- পরবর্তী নিউজের জন্য।

সম্পর্কিত খবর