বীমা আইন লংঘন করায় জরিমানা
গার্ডিয়ান লাইফকে নতুন সিইও নিয়োগের নির্দেশ

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে নতুন মুখ্য নির্বাহী কর্মকর্তা ‘সিইও’ নিয়োগের নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এছাড়াও ৪ বছর ধরে মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ শূন্য রাখায় প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করে আইডিআরএ।

এর আগে গার্ডিয়ান লাইফের ‘সিইও’ পদে শেখ রাকিবুল করিমের বৈধতা নিয়ে সংবাদ প্রকাশ করে অর্থবাংলা। যার ধারাবাহিকতায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে নিয়ন্ত্রণ সংস্থা আইডিআরএ। 

এদিকে ‘সিইও পদ’ নিয়ে আইন লংঘনের বিষয়টি সামনে এলে ইমেজ সংকটে পড়তে হয় গার্ডিয়ান লাইফকে। প্রশ্ন তৈরি হয় প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও সুশাসন চর্চা নিয়ে। শেখ রাকিবুল করিমের আইন লংঘন, অনিয়ম আর জাল জালিয়াতির বিষয়গুলো সামনে এলে শুরু হয় সমালোচনার ঝড়। বশেষ আইডিআরএর ‘জরিমানা ও কঠোর নির্দেশনা’ প্রতিষ্ঠানটিকে আরও বেকায়দায় ফেলে দেয়। এই বির্তক ও সমালোচনা এড়াতে নতুন সিইও নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করতে চায় পরিচালনা পর্ষদ- গার্ডিয়ান লাইফ সূত্র এমনটি জানিয়েছে।  

 অপরদিকে এক চিঠিতে গার্ডিয়ান লাইফকে আগামী ৬০ দিনের মধ্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়ার নির্দেশ দেয় আইডিআরএ। বীমা আইন ২০১০ এর ১৩০ ধারা মোতাবেক এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

চিঠিতে, জরিমানার ৫ লাখ টাকা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নামে পে-অর্ডার করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সালেহীন তানভীর গাজী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি গত ২৭ জানুয়ারি বীমা কোম্পানিটিকে পাঠানো হয়।

আইডিআরএ বলছে, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ না করে বীমা আইন ২০১০ এর ৮০ ধারা লংঘন করেছে গার্ডিয়ান লাইফ ইন্সুইরেন্স। এই প্রেক্ষিতে কর্তৃপক্ষের ১৭৮তম সভায় বীমা কোম্পানিটির বিষয়ে বীমা আইন ২০১০ এর ১৩০ ধারা মোতাবেক ৩টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আইডিআরএর সিদ্ধান্তগুলো হলো-

. বিগত ১ জানুয়ারি ২০২১ তারিখ হতে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ না করায় গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করা হলো;

. আগামী ৬০ (ষাট) দিনের মধ্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ করতে হবে;

. আগামী ৬০ দিনের মধ্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ করা না হলে পুনরায় কোম্পানিটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হবে বলেও সতর্ক করে আইডিআরএ।

গার্ডিয়ান লাইফের সিইও পদে জালিয়াতি নিয়ে অর্থবাংলায় সংবাদ প্রকাশিত হওয়ার পর এই কঠোর পদক্ষেপ গ্রহণ করলো আইডিআরএ।

সম্পর্কিত খবর