কুমিল্লায় ট্রাক উল্টে নিহত ৪
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাছবাহী ট্রাক উল্টে ৪ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। আজ মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার বারেশ্বর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সাতক্ষীরার সদর থানা এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম (২৩), ভোলার মনপুরা এলাকার মনির হোসেন (২৮), একই এলাকার হাবীবুর রহমান (৩২) এবং আক্তার হোসেন (৩৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, আজ ভোর সাড়ে ৫টার দিকে দাউদকান্দি অভিমুখে মাছ নিয়ে যাচ্ছিল একটি ট্রাক। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে চান্দিনার বারেশ্বর এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দিয়ে মাছবাহী ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই ট্রাকের নিচে পড়েই ৪ শ্রমিক নিহত হন। এসময় আরও তিনজন আহত হন, আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।


