কাল জামায়াতের বিক্ষোভ মিছিল

কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে দেশের সব জেলা সদরে ৩০ জানুয়ারি মঙ্গলবার শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ সোমবার দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, গ্যাস ও বিদ্যুৎ সংকট দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রহসনের ডামি নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।

ঘোষিত এ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য জামায়াতের সব জেলা সংগঠন এবং জেলাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম ৩ থেকে ৪ গুণ পর্যন্ত বেড়েছে। দরিদ্র জনগণ দিনে একবেলাও পেট ভরে খেতে পারছে না। সরকারের ট্রাক সেলে দীর্ঘক্ষণ দাঁড়িয়েও চাহিদামতো দ্রব্য-সামগ্রী পাওয়া যাচ্ছে না।

অপরদিকে গ্যাস ও বিদ্যুতের চরম সংকটে দেশের নাগরিকরা ও শিল্প-কারখানা মহাবিপাকে পড়েছে। গৃহিণীরা ঠিকমতো রান্না করতে পারছেন না। গার্মেন্টসহ কলকারখানার উৎপাদন কমে যাওয়ায় যথাসময়ে শিপমেন্ট করা যাচ্ছে না। ফলে রফতানি বাণিজ্যে বিরূপ প্রভাব পড়েছে। দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশে বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক মহাসংকট চলছে।

সম্পর্কিত খবর