কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের পুঁজিবাজার যাত্রা
পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে কনফিডেন্স গ্রুপের সদস্য প্রতিষ্ঠান কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসি। কোম্পানিটি প্রস্তাবিত প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বাস্তবায়নের জন্য দেশের শীর্ষস্থানীয় মার্চেন্ট ব্যাংক ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের সঙ্গে ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি করেছে।
ঢাকায় কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির কর্পোরেট অফিসে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীর এবং কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির চেয়ারম্যান ইমরান করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় প্রয়োজনীয় নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড প্রস্তাবিত আইপিওর জন্য সামগ্রিক ইস্যু ম্যানেজমেন্ট ও পরামর্শমূলক সেবা প্রদান করবে।
কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসি দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো উন্নয়নকারী প্রতিষ্ঠান। নিজস্ব কার্যক্রম এবং বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটি অবকাঠামো উন্নয়ন, সংশ্লিষ্ট উৎপাদন ও সংরক্ষণ, বিদ্যুৎ, টেলিযোগাযোগ, বিদ্যুৎ উৎপাদন এবং পেইন্ট বা রং উৎপাদনসহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করছে।
পুঁজিবাজারেও কনফিডেন্স গ্রুপের বিদ্যমান উপস্থিতি রয়েছে। গ্রুপটির অঙ্গপ্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট পিএলসি ১৯৯৫ সাল থেকে শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির কোম্পানি হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এই অংশীদারিত্ব আইপিওর সফল বাস্তবায়নে সহায়ক হবে এবং ভবিষ্যৎ সম্প্রসারণের জন্য টেকসই মূলধনের জোগান নিশ্চিত করবে। তাদের মতে, এর মাধ্যমে কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি কৌশল আরও এগিয়ে যাবে।
তারা আরও বলেন, শক্তিশালী মৌলভিত্তি ও সুশাসনসম্পন্ন কোম্পানির পুঁজিবাজারে তালিকাভুক্তি বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ, বাজারের গভীরতা ও স্বচ্ছতা বৃদ্ধি, উৎপাদনশীল খাতে দীর্ঘমেয়াদি মূলধন প্রবাহ এবং বাংলাদেশের পুঁজিবাজার ও অর্থনীতির টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


