এনভয় টেক্সের ২৪ লাখ শেয়ার কিনেছেন কুতুবউদ্দিন আহমেদ
এনভয় টেক্সটাইলস লিমিটেডের ২৪ লাখের বেশি শেয়ার কিনেছেন কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালক কুতুবউদ্দিন আহমেদ। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানটির অন্যতম করপোরেট উদ্যোক্তা ফন্টিনা ফ্যাশন লিমিটেডের কাছ থেকে এসব শেয়ার কিনেছেন তিনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ব্যবসা ভাগাভাগির অংশ হিসেবে এ শেয়ার কেনাবেচা হয়েছে। এর আগে গত ৩০ ডিসেম্বর ডিএসইর মাধ্যমে শেয়ার কেনাবেচার এ ঘোষণা দেয়া হয়। ওই সময় জানানো হয়, ফন্টিনা ফ্যাশনের কাছে এনভয় টেক্সটাইলসের মোট ৭৭ লাখ ৪১ হাজার ৬০৩টি শেয়ার হয়েছে। এর মধ্যে ২৪ লাখ ১ হাজার ৮৩২টি শেয়ার বিদ্যমান বাজারদরে ব্লক মার্কেটের মাধ্যমে বিক্রি করা হবে। একই ঘোষণায় সমপরিমাণ শেয়ার কিনে নেয়ার ঘোষণা দেন কুতুবউদ্দিন আহমেদ।
২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় এনভয় টেক্সটাইলস। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৬৭ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ৭৬৭টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে রয়েছে ৪৫ দশমিক ৫৮ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪৭ দশমিক ৬২ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর হাতে ৬ দশমিক ৭৪ শতাংশ শেয়ার রয়েছে।



