এক যুগে তিন গুণ হয়েছে স্বর্ণের দাম
এক যুগ আগে ২০০৯ সালের আজকের দিনে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ছিল ২৬ হাজার ৩৫১ টাকা। এক যুগ পরে আজ সেই একই মানের স্বর্ণ কিনতে খরচ হচ্ছে ৭৪ হাজার ৯৯৯ টাকা। অর্থাৎ গত ১২ বছরে স্বর্ণের দাম বেড়েছে ১৮৫ শতাংশ।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বিশ্ব বাজারে অস্থিরতার কারণে ২০০৯ সালের পর থেকে ধীরে ধীরে বাড়ছে স্বর্ণের দাম। ২০১১ সালের সেপ্টেম্বরে প্রতি ভরি স্বর্ণের দাম এসে দাঁড়ায় প্রতি ভরি ৫৯ হাজার ৮৭৪ টাকা। এর পর থেকে আবার কমতে থাকে। ২০১৫ সালের ডিসেম্বরে এসে হয় ৪১ হাজার ২৭৬ টাকা। এরপর ধারাবাহিকভাবে বেড়ে ২০২০ সালের মার্চ মাসে এসে মূল্য দাঁড়ায় ৬০ হাজার ৩৪০ টাকা। এরপর লাফিয়ে লাফিয়ে বাড়ছে র্স্বণের দাম। ২০২০ সালের ৬ আগস্ট দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম ওঠে। এদিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ৭৭ হাজার ২১৬ টাকা। তবে গত বছরের ১৩ নভেম্বর সোনার দাম নামে ৭৫ হাজার ৩০০ টাকায়। ১৪ ডিসেম্বরও এই মূল্য ছিল।



