অপরিশোধিত জ্বালানি তেল
একদিনের ব্যবধানে ব্যারেলপ্রতি ৫ ডলারের বেশি কমেছে দাম
আন্তর্জাতিক বাজারে একদিনের ব্যবধানে প্রায় ৫ ডলারের বেশি কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম মজুদ থেকে বাজারে জ্বালানি তেল সরবরাহের খবরে গতকাল বাজারদরে নিম্নমুখিতা দেখা দেয়। খবর রয়টার্স।
তথ্য বলছে, যুক্তরাষ্ট্র নতুন করে ১৮ কোটি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল কৌশলগত মজুদ থেকে সরবরাহের কথা ভাবছে। এটিই হতে যাচ্ছে ৫০ বছরের ইতিহাসে কৌশলগত মজুদ থেকে সর্বাধিক সরবরাহ।
গতকাল আইসিই ফিউচারস ইউরোপে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের মে মাসের সরবরাহ চুক্তি মূল্য ৫ ডলার ৪৭ সেন্ট বা ৪ দশমিক ৮ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ১০৭ ডলার ৯৮ সেন্টে। জুনে সরবরাহ চুক্তির মূল্য ৫ ডলার ২৬ সেন্ট কমেছে। প্রতি ব্যারেলের দাম ১০৬ ডলার ১৮ সেন্টে নেমেছে।
অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৬ ডলার ২৩ সেন্ট বা ৫ দশমিক ৮ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ১০১ ডলার ৫৯ সেন্টে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি পণ্যের দাম বর্তমানে আকাশচুম্বী। বিশ্ববাজারে জ্বালানির সংকট অব্যাহতভাবে বাড়ছে। সংকটে পড়েছে যুক্তরাষ্ট্রও। দেশটিতে গ্যাসোলিনের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলছেন, কৌশলগত মজুদ থেকে জ্বালানি তেল সরবরাহ করলে চলমান সংকট অনেকটাই কমবে।



