ঈদের রাতের মধ্যেই কুরবানির বর্জ্য অপসারণ হবে: রাসিক মেয়র
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ঈদুল আজহার দিনে রাতের মধ্যেই রাজশাহী মহানগরীর কুরবানির সব বর্জ্য অপসারণ করা হবে। এ জন্য নির্দিষ্ট স্থানে কুরবানির পশু জবেহকরণ এবং পরবর্তীতে বর্জ্য অপসারণ কার্যক্রমে মহানগরবাসীর সহযোগিতা প্রয়োজন।
বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে ‘নির্দিষ্ট স্থানে কুরবানির পশু জবেহকরণ ও দ্রুত বর্জ্য অপসারণ’ বিষয়ে ওয়ার্ড সচিব, সুপারভাইজার এবং পরিচ্ছন্ন পরিদর্শক ও কেন্দ্রীয় সুপারভাইজারদের সমন্বয় সভায় এ কথা বলেন রাসিক মেয়র।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, দ্রুত সময়ে কুরবানির বর্জ্য অপসারণে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নগরবাসীর প্রয়োজনে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সবার সহযোগিতায় গতবারের মতোই এবারো ঈদের রাতের মধ্যেই আমরা কুরবানির সব বর্জ্য অপসারণ করতে সক্ষম হব।
মেয়র আরও বলেন, নগরবাসীসহ সবার সহযোগিতায় রাজশাহী এক অনন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সভায় উল্লেখ করেন কিভাবে রাজশাহী সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, তা দেখতেও বলেন। নগরবাসীর আন্তরিক সহযোগিতায় অন্যান্য সিটি করপোরেশনের তুলনায় রাজশাহী সিটি করপোরেশন স্বাস্থ্যসেবা, পরিবেশ উন্নয়নসহ সব ক্ষেত্রে অনন্য অবদান রেখে চলেছে। ইপিআই কার্যক্রমে পরপর ১০ বার দেশসেরা। পরিবেশ উন্নয়নে দ্বিতীয়বারের মতো এ বছরও জাতীয় পরিবেশ পদক লাভ করেছে। দেশি-বিদেশি সকলের নিকট ইতোমধ্যে রাজশাহী পরিচ্ছন্ন সবুজ ও নির্মল বায়ুর শহর হিসেবে পরিচিত লাভ করেছে। আর এটি সম্ভব হয়েছে আপনাদের আন্তরিক প্রচেষ্টার ফলে।
রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস.এম মাহবুবুল হক, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।
সভায় ওয়ার্ড সচিব সুপারভাইজার এবং পরিচ্ছন্ন পরিদর্শক ও কেন্দ্রীয় সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুরবানির বর্জ্য অপসারণে ঈদুল আজহার দিন বিকাল ৪টা হতে রাত ১১টা পর্যন্ত রাজশাহী সিটি করপোরেশনের কন্ট্রোল রুমের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা-০১৭৪০০০৩০৪০, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং-০১৭১৩০৯৮৯৫৬ ও অফিস সহকারীর সঙ্গে ০১৭১৬৪০৮০৭১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।


