ঈদের আগে শেষ কর্মদিবস আজ, কাল থেকে ১০ দিনের ছুটি
পবিত্র ঈদুল আজহার আগে আজ (৪ জুন) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস।
আগামীকাল বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হচ্ছে টানা ১০ দিনের ছুটি, যা চলবে ১৪ জুন পর্যন্ত। এ সময় সব সরকারি অফিস বন্ধ থাকবে এবং ১৫ জুন থেকে অফিস কার্যক্রম আবার শুরু হবে।
ঈদ উপলক্ষে সরকার চলতি বছরের অন্যতম দীর্ঘ ছুটির ব্যবস্থা করেছে।
গত ৬ মে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে ১১ ও ১২ জুন (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে ঈদের আগে ১৭ ও ২৪ মে, দুই শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্তও গৃহীত হয়, যাতে করে সরকারি কর্মদিবসের ভারসাম্য রক্ষা হয়।


