ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৬০ শতাংশ
পুঁজিবাজারে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয় গত মাসে। লেনদেন শুরুর পর থেকেই শেয়ারটির দর দ্রুতই বাড়ছে। এর মধ্যে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারদর বেড়েছে সবচেয়ে বেশি। দর বৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির তালিকায় প্রথমে রয়েছে প্রতিষ্ঠানটি। এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ৬০ শতাংশ।
পুঁজিবাজারে ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন শুরু হয় গত ১৬ জানুয়ারি। এর মধ্যে গত সপ্তাহে ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৫৯ দশমিক ৭৭ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির ১৮ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৩ লাখ ৬৫ হাজার টাকার।
কোনো কোম্পানির শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়তে থাকলে, তার কারণ জানতে চেয়ে স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে চিঠি দেয়া হয়। এজন্য সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধির কারণ জানতে চেয়ে ইউনিয়ন ইন্স্যুরেন্সকে চিঠি দেয় ডিএসই।
চিঠির জবাবে ৩ ফেব্রুয়ারি স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে শেয়ারটির দর অস্বাভাবিক হারে বাড়লেও, এর পেছনে তাদের কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) নেই।



