আজ স্বর্ণের দাম
দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন করে দর সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
আজ (২৯ এপ্রিল) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন এ দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে। নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।
এর আগে, ২৮ এপ্রিল সকালে সর্বশেষ স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছিল ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায়।
চলতি বছরে এখন পর্যন্ত মোট ৫৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে দেশে।


