আইপিও বিধিমালা পরিবর্তনের ইঙ্গিত
দেশের পুঁজিবাজারে ভালো ও মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির অংশগ্রহণ বাড়াতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বিধিমালায় বড় ধরনের পরিবর্তন আনছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন বিধিমালায় আইপিওর মূল্য নির্ধারণ, বুক বিল্ডিং, মিউচুয়াল ফান্ডের বরাদ্দ, আন্ডাররাইটিং ও তালিকাভুক্তির প্রক্রিয়ায় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি বড় কোম্পানির সরাসরি তালিকাভুক্তির সুযোগ এবং প্রয়োজনে জনস্বার্থে কোম্পানিকে তালিকাভুক্ত করার উদ্যোগও বিবেচনায় রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীতে পুঁজিবাজার উন্নয়ন ও নীতি সংস্কারবিষয়ক এক অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানান বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান।
তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিএসইসির দায়িত্ব শুধু নিয়মকানুন তৈরি করা নয়, বরং পুঁজিবাজারের উন্নয়নে সহায়তাকারী হিসেবেও কাজ করা। অংশীজনদের বাস্তব সমস্যা বিবেচনায় না নিলে কোনো বিধিমালার যথাযথ বাস্তবায়ন সম্ভব নয়। এ কারণে নতুন বিধিমালা প্রণয়নের আগে সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত নেওয়া হচ্ছে। খসড়া জনমতের জন্য প্রকাশের পর আবারও অংশীজনদের সঙ্গে আলোচনা করে তা চূড়ান্ত করা হচ্ছে।
মাসুদ খান বলেন, মার্জিন ঋণ বিধিমালা ও ডিরেক্ট লিস্টিং বিধিমালাসহ বিভিন্ন ক্ষেত্রে এ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। নতুন আইপিও বিধিমালার খসড়াও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রায় ১০৮ পৃষ্ঠার এই বিধিমালা লাইন ধরে পর্যালোচনা করা হয়েছে। চূড়ান্ত করার আগে সংশ্লিষ্টদের সঙ্গে আরও আলোচনা করা হবে।
বিএসইসি চেয়ারম্যান বলেন, বেসরকারি খাতের বিভিন্ন কোম্পানির বাস্তব সমস্যার বিষয়ে কমিশন অবগত। বিশেষ করে বহুজাতিক কোম্পানিগুলো করসংক্রান্ত ছাড়পত্র পেতে দীর্ঘ সময় লাগায় নির্ধারিত সময়ে লভ্যাংশ বিতরণ করতে পারত না। এ সমস্যা সমাধানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ছাড়পত্র পাওয়ার পর লভ্যাংশ বিতরণের সুযোগ করে দেওয়া হয়েছে।
এ ছাড়া বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের ক্ষেত্রে ডিজিটাল ও হাইব্রিড পদ্ধতি সহজ করা হয়েছে। আগে ডিজিটাল এজিএম আয়োজনের জন্য নির্দিষ্ট সময় ধরে তালিকাভুক্ত থাকার শর্ত ছিল। সেই শর্ত শিথিল করে এখন ৫ শতাংশ বা তার বেশি শেয়ারধারী কোম্পানির জন্যও এ সুযোগ রাখা হয়েছে।
লভ্যাংশ ঘোষণার আগে শেয়ার লেনদেনে নিষেধাজ্ঞা বা রেস্ট্রিকটেড পিরিয়ড কমানোর বিষয়টিও বিবেচনা করছে কমিশন। বর্তমানে হিসাব বছর শেষ হওয়ার দুই মাস আগে থেকে পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশ ঘোষণার আগ পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর থাকে।
নতুন আইপিও বিধিমালায় বুক বিল্ডিং পদ্ধতিতে মূল্য নির্ধারণের প্রক্রিয়ায় পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। মাসুদ খান বলেন, আগে আইপিওর মূল্য নির্ধারণে চারটি পদ্ধতি ব্যবহারের কথা বলা হয়েছিল। তবে নতুন প্রস্তাবে ইস্যু ম্যানেজারকে একটি মূল্যায়ন পদ্ধতি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।
এ ক্ষেত্রে নির্বাচিত পদ্ধতিতে মূল্য নির্ধারণের যৌক্তিকতা ব্যাখ্যা ও প্রমাণের দায়িত্ব থাকবে ইস্যু ম্যানেজারের ওপর। প্রয়োজনে অন্য মূল্যায়ন পদ্ধতিগুলো সহায়ক হিসেবে ব্যবহার করা যাবে।
বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিডিংয়ের মাধ্যমেও পরিবর্তন আনা হচ্ছে। প্রস্তাব অনুযায়ী, কোনো বিনিয়োগকারী যে দামে শেয়ার কেনার প্রস্তাব দেবেন, তাকে সেই দামেই শেয়ার নিতে হবে। এতে মূল্য নির্ধারণে বাজারের অংশগ্রহণ বাড়বে বলে মনে করছে কমিশন।
আইপিওতে মিউচুয়াল ফান্ডের জন্য আলাদা শ্রেণিতে শেয়ার বরাদ্দের পরিবর্তে সাধারণ বিনিয়োগকারী শ্রেণির মধ্যে তাদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আইপিওর শেয়ার বরাদ্দে লটারি পদ্ধতি চালুর প্রস্তাব করা হচ্ছে।
আইপিওর প্রাইস ব্যান্ড নির্ধারণের বিষয়েও নতুন করে ভাবছে কমিশন। একপর্যায়ে কোনো ঊর্ধ্বসীমা বা নিম্নসীমা ছাড়াই শুধু বিডিংয়ের মাধ্যমে শেয়ারের দাম নির্ধারণের বিষয়টি বিবেচনা করা হয়েছিল। তবে দুর্বল বিডিংয়ের কারণে কোম্পানি প্রত্যাশিত মূল্য না পাওয়ার ঝুঁকি থাকায় প্রস্তাবিত ব্যবস্থায় জেনেরিক বা সাধারণ সীমা ৫০ শতাংশ রাখার চিন্তা করা হচ্ছে।
বড় কোম্পানির আইপিওতে বুক রানার পদ্ধতি চালুর পরিকল্পনার কথাও জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান। প্রাথমিকভাবে ৫০০ কোটি টাকার বেশি আকারের আইপিওতে এ পদ্ধতি চালুর প্রস্তাব করা হচ্ছে।
এ পদ্ধতিতে কোম্পানি বা ইস্যু ম্যানেজার সম্ভাব্য বিনিয়োগকারীদের কাছ থেকে শেয়ার কেনার আগ্রহ ও প্রস্তাবিত মূল্য সংগ্রহ করবেন। এসব তথ্যের ভিত্তিতে মূলধন সংগ্রহের পরিকল্পনা করা হবে। বড় আইপিওতে এ পদ্ধতি চালু হলে মূল্য নির্ধারণ ও মূলধন সংগ্রহের প্রক্রিয়া আরও সংগঠিত হবে বলে মনে করছে কমিশন।
আন্ডাররাইটিংয়ের বাধ্যবাধকতাতেও পরিবর্তন আনার প্রস্তাব রয়েছে। বর্তমানে আইপিওর ১০০ শতাংশ শেয়ার আন্ডাররাইট করার নিয়ম থাকলেও বাংলাদেশের বাজার বাস্তবতায় তা চ্যালেঞ্জিং। এ কারণে আপাতত ৫০ শতাংশ আন্ডাররাইটিংয়ের প্রস্তাব করা হচ্ছে।
নতুন বিধিমালায় কোম্পানির লোকসানের বিষয়টিও বিবেচনায় নেওয়ার পরিকল্পনা রয়েছে। মাসুদ খান বলেন, বিদ্যুৎকেন্দ্র, সিমেন্ট ও ইস্পাত কারখানার মতো বড় মূলধননির্ভর প্রকল্পে প্রাথমিক পর্যায়ে লোকসান হওয়া অস্বাভাবিক নয়। এসব প্রকল্পের বাস্তবতা বিবেচনায় নিয়ে আইপিওর শর্তে কিছু ছাড় দেওয়ার প্রস্তাব করা হচ্ছে।
বিশেষ করে কোনো কোম্পানি ভবিষ্যতে নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো তৈরির সক্ষমতা দেখাতে পারলে নির্দিষ্ট ক্ষেত্রে আইপিওতে আসার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে এ ধরনের ছাড় দেওয়ার ক্ষেত্রে কোম্পানির আর্থিক সক্ষমতা ও বিনিয়োগকারীদের স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে।
