down of head

রিলায়েন্সের বাজারমূলধন বেড়েছে বাংলাদেশের সাড়ে ৩ গুণ

ভারতের পুঁজিবাজারে সর্বোচ্চ বাজারমূলধনের (Market Capitalization) এর রেকর্ড গড়েছে দেশটির শীর্ষ ধনী মুকেশ আম্বানীর রিলায়ান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বিশ্লেষকদের মতে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান, মোবাইল ফোন অপারেটর রিলায়েন্স জিয়ো তার বিভিন্ন পণ্য ‌ও সেবার মূল্য বাড়ানোর ঘোষণা দেওয়ার পর থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের মূল্য বেড়ে চলেছে। মূল্য বৃদ্ধি হলে কোম্পানিটির মুনাফা ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে আশা করছেন এর বিনিয়োগকারীরা।

২৮ নভেম্বর বোম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) কোম্পানিটির বাজারমূলধন ১০ লাখ কোটি রুপি ছাড়িয়েছে, বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ ১২ লাখ কোটি টাকা। দিন শেষে কোম্পানিটির বাজারমূলধন দাঁড়িয়েছে ১০ লাখ ২ হাজার ৩৮০ কোটি রুপি। ভারতের পুঁজিবাজারের ইতিহাসে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ হচ্ছে ১০ লাখ রুপি বাজারমূলধনধারী প্রথম কোম্পানি।

কোম্পানিটির বাজারমূলধন বাংলাদেশের পুঁজিবাজারের মোট মূলধনের প্রায় সাড়ে ৩ গুন। বৃহস্পতিবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজারমূলধন দাঁড়ায় ৩ লাখ ৫৬ হাজার কোটি টাকা।

উল্লেখ, একটি কোম্পানির বাজারমূলধন হচ্ছে নির্দিষ্ট দিনে বিদ্যমান দরে ওই কোম্পানির ইস্যুকৃত সব শেয়ারের মোট বাজার মূল্য।

বর্তমানে ভারতের বাজারে রিলায়ান্স ইন্ডাস্ট্রিজই সবচেয়ে বেশি বাজারমূলধনধারী কোম্পানি। বাজারমূলধনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)। আজ দিন শেষে টাটা কনসালটেন্সির বাজারমূলধনের পরিমাণ দাঁড়ায় ৭ লাখ ৮৪ হাজার কোটি টাকা। আর তৃতীয় অবস্থানে ছিল এইচডিএফসি ব্যাঙ্ক। এই কোম্পানির বাজারমূলধনের পরিমাণ ৭ লাখ ২ হাজার কোটি টাকা।

তেল উত্তোলন থেকে টেলিকম, শিল্প-ব্যবসায় বহুমুখী মুকেশের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ গত বছর থেকে ভারতের বাজারে সর্বোচ্চ মূলধনধারী কোম্পানি। গত বছর কোম্পানিটির বাজারমূলধন ছিল ৯ লাখ কোটি রুপি বা ১০ লাখ ৮০ হাজার কোটি টাকা।

বৃহস্পতিবারসহ টানা ৮ দিন শেয়ারের দর বেড়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের। দিন শেষে শেয়ারটির দাম দাঁড়িয়েছে ১ হাজার ৫৮০ রুপি।

বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) পরিসংখ্যান অনুসারে, আজ বাজারমূলধনের দিক থেকে চার, পাঁচ,ছয় এবং সাত নম্বরে ছিল যথাক্রমে হিন্দুস্তান ইউনিলিভার,এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাংক এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া।

সর্বোচ্চ বাজারমূলধনের শীর্ষ সাতে থাকা কোম্পানিগুলোর ৬টিই ভারতীয় কোম্পানি। তালিকার একমাত্র বহুজাতিক কোম্পানি হচ্ছে হিন্দুস্থান ইউলিভার। দিন শেষে হিন্দুস্থান ইউনিলিভারের বাজারমূলধনের পরিমাণ ছিল ৪ লাখ ৫৪ হাজার কোটি টাকা।

সম্পর্কিত খবর