যমুনা ব্যাংকের ২৫০ কোটি টাকার বন্ড অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংক লিমিটেডের ২৫০ কোটি টাকার সাব-অর্ডিনেট বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থার চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে ৮০৬তম কমিশন সভায় গতকাল এটি অনুমোদন দেয়া হয়।
সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রূপান্তর অযোগ্য, আনসিকিউরড ও কুপন বিয়ারিং সাব-অর্ডিনেটেড যমুনা ব্যাংকের ২৫০ কোটি টাকার বন্ড প্রস্তাব অনুমোদন করেছে কমিশন। পুরো টাকাই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য ১ কোটি টাকা। বন্ডটির কুপন হার ৭ থেকে ৯ শতাংশ, যা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও অন্যান্য যোগ্য বিনিয়োগকারীর অনুকূলে ইস্যু করা হবে।
বন্ডটি ইস্যুর মাধ্যমে এডিশনাল টায়ার-টু মূলধনের ভিত্তি শক্তিশালী করবে যমুনা ব্যাংক। বন্ডটির অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও যমুনা ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। ট্রাস্টি হিসেবে কাজ করছে ইসি সিকিউরিটিজ লিমিটেড।


