সাবসিডিয়ারি কোম্পানির বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বাড়ল পাঁচ বছর
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের দ্বিতীয় বৃহত্তম স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদক (আইপিপি) প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ইউপিজিডিসিএল) সাবসিডিয়ারি কোম্পানির একটি বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বেড়েছে। আশুগঞ্জের ৫৩ মেগাওয়াট এ বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ আরো পাঁচ বছর বাড়ানো হয়েছে। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
আশুগঞ্জের ৫৩ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটি ইউপিজিডিসিএলের সাবসিডিয়ারি কোম্পানি ইউনাইটেড এনার্জি লিমিটেডের (ইউইএল) অধীনস্থ একটি প্লান্ট। ইউইএলের শেয়ারের ৯৯ শতাংশই রয়েছে ইউপিজিডিসিএলের হাতে। কোম্পানিটির অধীনে আশুগঞ্জ ছাড়াও রয়েছে সিলেটের ২৮ মেগাওয়াটের অন্য একটি বিদ্যুৎকেন্দ্র। সিলেটের এ প্লান্টটির বাণিজ্যিক উৎপাদন শুরু হয় ২০১৩ সালের ২১ অক্টোবর। প্লান্টটির মেয়াদ রয়েছে ২০৪৩ সাল পর্যন্ত।
অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ৫৩ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটির বাণিজ্যিক উৎপাদন শুরু হয় ২০১১ সালের ২২ জুন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে বিদ্যুৎ সরবরাহের চুক্তির আওতায় কেন্দ্রটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। এটির মেয়াদ শেষ হয় ২০১৯ সালের ২২ জুন। বিপিডিবির সঙ্গে বিদ্যুৎ সরবরাহ-সংক্রান্ত চুক্তি শেষ হওয়ার আগে ২০১৮ সালের ৪ আগস্ট মেয়াদ আরো পাঁচ বছর বাড়ানোর আবেদন করে কোম্পানিটি। তবে বিষয়টি নিয়ে দীর্ঘদিন কোনো সিদ্ধান্ত হয়নি। অবশেষে প্লান্টটির মেয়াদ আরো পাঁচ বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিল সরকার।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সমন্বিত আয় ও কর-পরবর্তী নিট মুনাফা দুটোই কমেছে ইউপিজিডিসিএলের। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ৮৫৯ কোটি টাকা। আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৯২২ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত আয় কমেছে ৬৩ কোটি টাকা বা ৬ দশমিক ৮৪ শতাংশ।
অন্যদিকে আলোচ্য সময়ে কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ২৯৬ কোটি টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৯৮ কোটি টাকা। এক বছরের ব্যবধানে নিট মুনাফা কমেছে ২ কোটি টাকার মতো বা দশমিক ৬৭ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা। আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৫ টাকা ৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬১ টাকা ৬৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৫৬ টাকা ১৮ পয়সা।



