উৎপাদন চালুর তথ্য জানায়নি স্টাইলক্রাফট
গত ঈদুল আজহার সময় স্টাফ ও শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করতে না পারার কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্টাইলক্রাফট লিমিটেডের কারখানায় শ্রমিক আন্দোলন শুরু হয়। উদ্ভূত পরিস্থিতিতে শ্রমিক অসন্তোষের কারণে কোম্পানিটির কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করে এক সপ্তাহ আগে আবারো কারখানায় উৎপাদন চালু করেছে স্টাইলক্রাফট। তবে নিয়মানুসারে উৎপাদন বন্ধ কিংবা চালুর তথ্য স্টক এক্সচেঞ্জ ও নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে জানায়নি কোম্পানিটি।
গতকাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে চলতি মূলধন হিসেবে অগ্রণী ব্যাংক থেকে ২৫ কোটি টাকার ঋণ নেয়ার তথ্য জানিয়েছে স্টাইলক্রাফট। ব্যাংকটির রমনা করপোরেট শাখা এরই মধ্যে ঋণটি অনুমোদন দিয়েছে। কোম্পানিটির চাহিদা অনুযায়ী ধাপে ধাপে এ তহবিল বিতরণ করবে ব্যাংক। ঋণটির মেয়াদ ধরা হয়েছে এক বছর।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় স্টাইলক্রাফটের কোম্পানি সচিব এডমন্ড গুদার সঙ্গে। আরো সপ্তাহখানেক আগেই কোম্পানির আংশিক উৎপাদন চালু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি। উৎপাদন বন্ধ ও চালু বিষয়টি মূল্যসংবেদনশীল তথ্য হিসেবে প্রকাশ না করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বকেয়া বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের কর্মবিরতি ও আন্দোলনের কারণে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে লে অফ কিংবা উৎপাদন বন্ধ করা হয়নি। তাই সেই সময় এটি মূল্যসংবেদনশীল তথ্য হিসেবে প্রকাশ করা হয়নি। একইভাবে যেহেতু উৎপাদন বন্ধের বিষয়ে স্টক এক্সচেঞ্জে ঘোষণা দেয়া হয়নি তাই উৎপাদন চালুর বিষয়টিও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন বন্ধ ও চালুর বিষয়টির সঙ্গে কোম্পানির আর্থিক লাভ-ক্ষতির সম্পর্ক রয়েছে। তালিকাভুক্ত কোম্পানি হিসেবে এর বিনিয়োগকারীদের এ ধরনের তথ্য জানার অধিকার রয়েছে। তাছাড়া এ ধরনের তথ্য প্রকাশের আইনি বাধ্যবাধকতাও রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, কোম্পানির কার্যক্রমে কোনো মৌলিক পরিবর্তন হলে তা সিকিউরিটিজ আইনে মূল্যসংবেদনশীল তথ্য হিসেবে বিবেচিত হয়। তালিকাভুক্ত কোম্পানির উৎপাদন বন্ধ বা চালুর বিষয়টি মৌলিক পরিবর্তনের মধ্যেই পড়ে। তাই এক্ষেত্রে স্টাইলক্রাফটের উৎপাদন বন্ধ ও চালুর বিষয়ে তথ্য প্রকাশ করা উচিত ছিল। বিএসইসির এসআরএমআইসি বিভাগকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলা হবে।


