আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি
চিলি ও কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা দলে ফিরেছেন মেসি
বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। আগামী ৫ই জুন সান্তিয়াগোতে চিলি এবং ১০ই জুন মনুমেন্তালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচের জন্য বৃহস্পতিবার ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। গত মার্চে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে ইনজুরির কারণে স্কোয়াডে ছিলেন না অধিনায়ক লিওনেল মেসি। চোট কাটিয়ে এবার দলে ফিরেছেন তিনি।
মেসির পাশাপাশি দলে ফিরেছেন ২০ বছর বয়সী দুই তরুণ আলেহান্দ্রো গারনাচো এবং ভ্যালেন্টিন ভারকোও। তবে প্রথম ম্যাচে দলের সঙ্গে থাকবেন না ডিফেন্ডার নিকোলাস ওটামেন্দি এবং মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ও লিয়ান্দ্রো পারেদেস। তিনজনই নিষেধাজ্ঞার কারণে বাইরে থাকবেন, যদিও তারা ২৮ সদস্যের দলে আছেন। চোটের কারণে বাদ পড়েছেন পাওলো দিবালা ও গনসালো মনতিয়েল। এছাড়া বাদ পড়েছেন ডিফেন্ডার মার্কোস আকুনা ও জার্মান পেজ্জেলা।
ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করে ফেলেছে আর্জেন্টিনা। ১৪ ম্যাচ শেষে ১০ জয় ১ ড্র ও ৩ হারে আর্জেন্টিনার পয়েন্ট ৩১।


