প্রগ্রেসিভ লাইফের বীমা ব্যবসা বন্ধ করেছে আইডিআরএ
প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের নতুন (প্রথম বর্ষ) বীমা ব্যবসা সাময়িকভাবে স্থগিত করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আগামী ৪ নভেম্বর ২০২৬ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোম্পানিটি কোনো নতুন লাইফ ইনসিওরেন্স পলিসি ইস্যু করতে পারবে না এবং প্রথম বর্ষের প্রিমিয়াম সংগ্রহ করতে পারবে না।
সোমবার আইডিআরএ-এর পরিচালক দেবপ্রসাদ পাল স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়।
আইডিআরএ জানিয়েছে, গ্রাহকের পাওনা বা বীমা দাবি অপরিশোধিত রেখে নতুন ব্যবসা চালানো জনস্বার্থের পরিপন্থী। তাই কোম্পানির আর্থিক সক্ষমতা পুনরুদ্ধার ও বিদ্যমান পলিসি গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় বীমা আইন, ২০১০-এর ধারা ৫০(১)(ঙ)-এ প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুন ব্যবসা স্থগিত থাকলেও গ্রাহকদের সুবিধার জন্য বিদ্যমান পলিসির দ্বিতীয় ও পরবর্তী বর্ষের নবায়ন প্রিমিয়াম সংগ্রহ, পূর্বের দায়-দায়িত্ব পালন এবং বীমা দাবি পরিশোধ যথারীতি অব্যাহত রাখতে বলা হয়েছে।
আইডিআরএ-এর পর্যালোচনায় দেখা যায়, ২০২৫ সালে প্রগ্রেসিভ লাইফের বীমা দাবির পরিমাণ বেড়ে ১৬২ কোটি টাকায় দাঁড়ায়, যা বিদ্যমান ফান্ড দিয়ে পরিশোধ করা সম্ভব হচ্ছে না। গত বছরের ৫ জুলাই অনুষ্ঠিত ‘গভর্ন্যান্স রিভিউ’ সভায় গ্রাহকদের স্বার্থ রক্ষায় সম্পদ বিক্রি ও সরকারি ট্রেজারি বন্ড (বিজিটিবি) নগদায়নের মাধ্যমে ফার্স্ট ইন ফার্স্ট আউট (এফআইএফও) পদ্ধতিতে পর্যায়ক্রমে পাওনা মেটানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সভায় ৫৬.৩৩ কোটি টাকার বিজিটিবি নগদায়নের নির্দেশ থাকলেও কোম্পানিটি এ পর্যন্ত মাত্র ১৪.৫০ কোটি টাকা নগদায়ন করেছে।
পরবর্তীতে ২ নভেম্বর ২০২৬-এর মধ্যে আরও ১০ কোটি টাকার বিজিটিবি নগদায়নের নির্দেশ দিলে কোম্পানি তা না করে অব্যাহতি প্রার্থনা করে। এছাড়া বীমা দাবি পরিশোধে সম্পদ বিক্রির জন্য কোম্পানির আবেদনের প্রেক্ষিতে আইডিআরএ দ্রুত অনুমোদন দিলেও কোম্পানি তা বিক্রি না করে গ্রাহকদের দাবি পরিশোধে ব্যর্থ হয়।
আইডিআরএ সতর্ক করে উল্লেখ করেছে, বিজিটিবি নগদায়ন বাবদ ১০ কোটি টাকা অথবা সম্পদ বিক্রয় থেকে প্রাপ্ত ১৫ কোটি টাকা গ্রাহকদের দাবি মেটানোর জন্য নির্ধারিত ব্যাংক হিসাবে জমা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন ব্যবসা বন্ধ থাকবে। এই নির্দেশনা অমান্য করা হলে বীমা আইন, ২০১০ অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



