down of head

হরমুজ নিয়ে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত

হরমুজ প্রণালি ঘিরে আঞ্চলিক স্থিতিশীলতা ও সম্ভাব্য চুক্তি নিয়ে ওমানে অনুষ্ঠেয় ইরান ও উপসাগরীয় দেশগুলোর গুরুত্বপূর্ণ আলোচনা স্থগিত করা হয়েছে। সর্বসম্মত ‘ঐকমত্যের স্বার্থে’ বৈঠকটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যস্থতাকারী দেশ ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলের কয়েকটি প্রতিবেশী দেশের অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তেহরান ও মাসকাটের যৌথ আলোচনার ভিত্তিতেই মূলত এই বৈঠক স্থগিতের পদক্ষেপ নেওয়া হয়।

প্রসঙ্গত, সোমবার (১৪ সেপ্টেম্বর) ওমানের রাজধানী মাসকাটে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য রাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের উপস্থিতিতে নৌপথটির ভবিষ্যৎ ও নিরাপত্তা বিষয়ক এই আঞ্চলিক সংলাপে বসার কথা ছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি জানান, পারস্পরিক ঐকমত্য ও গঠনমূলক পরিবেশ বজায় রাখতেই এ সিদ্ধান্ত।

বদর আল বুসাইদি আরও জানান, ‘আমাদের অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো সহায়ক কূটনৈতিক সংলাপ এগিয়ে নিতে মাসকাট সব সময় প্রতিশ্রুতিবদ্ধ।’

উল্লেখ্য, বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালীতে সাম্প্রতিক সামরিক মহড়া, জলসীমা নিষেধাজ্ঞা এবং ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ওমানের এই মধ্যস্থতা প্রয়াস অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছিল।

সম্পর্কিত খবর