সুতায় বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ স্থগিত
বাংলাদেশ কাস্টমস ট্যারিফের আওতাভুক্ত ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে আমদানি-সংক্রান্ত আদেশটি স্থগিত করতে নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের রপ্তানি শাখা থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ কাস্টমস ট্যারিফের এইচএস হেডিং ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭ এর আওতায় ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে আমদানি-সংক্রান্ত আদেশটি অধিকতর পর্যালোচনার জন্য স্থগিত করার নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-৮ শাখার উপপ্রধান মোহাম্মদ খায়রুল আলম স্বাক্ষরিত চিঠিতে এ অনুরোধ জানানো হয়।
চিঠিতে এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের আদেশ নম্বর ৫১/২০২৬/কাস্টমস/৩১৯ এর প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। ওই আদেশে ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানির ক্ষেত্রে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে আমদানি-সংক্রান্ত ব্যবস্থা নেওয়ার বিষয়টি আসে।
চিঠিটি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। এর অনুলিপি দেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব, সচিবের একান্ত সচিব, রপ্তানি অনুবিভাগের ব্যক্তিগত কর্মকর্তা এবং রপ্তানি-২ শাখার ব্যক্তিগত কর্মকর্তাকে।



