অভিনেত্রীর ঠোঁটে নারী ভক্তের চুম্বন নিয়ে বিতর্ক (ভিডিও)
কয়েক দিন আগে একটি অনুষ্ঠানের লাল গালিচায় বলিউড অভিনেত্রী নিকিতা রাওয়ালের ঠোঁটে চুম্বন করেন এক নারী ভক্ত। এ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে বিষয়টি নিয়ে তৈরি হয় বিতর্ক, সমালোচনায় মেতে উঠেন নেটিজেনরা।
নেটিজেনদের অনেকে বিষয়টি নিয়ে নিকিতাকে হেয় করে মন্তব্য করেছেন। কেউ কেউ এ ঘটনাকে পূর্বপরিকল্পিত বলে দাবি করেছেন। অনেকে অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে ঘটনাটিকে হেনস্তা বলেও মন্তব্য করেছেন। এ নিয়ে চলছে তুমুল বিতর্ক।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়ার কয়েক দিন পর নিকিতা তার ইনস্টাগ্রাম স্টোরিতে ভক্তদের পাঠানো সমর্থনমূলক বার্তার স্ক্রিনশট শেয়ার করেছেন। পাশাপাশি নিজের অবস্থানও পরিষ্কার করেছেন। এ পোস্টে নিকিতা রাওয়াল বলেন, “আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা জানেন—আমি সঠিক, আমি কোনো ভুল করিনি। লুকানোর মতো আমার কিছু নেই, আমি সবসময় সত্যের পক্ষে থাকব।”
নিকিত তার ইনস্টাগ্রামে আরেকটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, “গত কয়েক দিনে ভারতসহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার বার্তা পেয়েছি। যারা আমার খোঁজ নিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন, সুন্দর কথা বলেছেন এবং আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ।”
ভক্ত-অনুরাগীদের সমর্থন পেয়ে আবেগাপ্লুত নিকিতা। ব্যাখ্যা করে তিনি বলেন, “আপনাদের সমর্থন, সহমর্মিতা ও সম্মান আমাকে সত্যিই আবেগাপ্লুত করেছে। ব্যক্তিগতভাবে প্রতিটি বার্তার উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তারপরও দয়া করে জেনে রাখুন—আপনাদের অনেকের বার্তাই পড়েছি, প্রতিটি বার্তার জন্য কৃতজ্ঞ। আমার পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ।”
নিকিতার সঙ্গে কী ঘটেছিল?
ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি অনুষ্ঠানের লাল গালিচায় দাঁড়িয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিচ্ছেন নিকিতা রাওয়াল। এ সময় একজন নারী ভক্ত তার কাছে এসে সেলফি তোলার আবদার করেন। ভক্তের আবদার পূরণের জন্য স্বাচ্ছন্দ্যেই পোজ দেন অভিনেত্রী। কিন্তু তারপরই বদলে যায় পরিস্থিতি।
কারণ কোনো ধরনের কথাবার্তা ছাড়াই ওই নারী ভক্ত নিকিতার দিকে ঝুঁকে তার ঠোঁটে চুম্বন করেন। এতে যেমন বিস্মিত হন, তেমনই অস্বস্তিতে পড়ে যান নিকিতা। ওই নারীকে ঠেলে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এ দৃশ্য দেখে ঘটনাস্থলে উপস্থিত লোকজনও হতবাক! আর মুহূর্তটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
নিকিতাকে কতটা জানেন?
মুম্বাইয়ে জন্ম ও বেড়ে ওঠা নিকিতা রাওয়ালের। মিঠিবাই কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। নৃত্যশিল্পী হিসেবেও তার সুখ্যাতি রয়েছে। ২০০৭ সালে ‘মিস্টার হট অ্যান্ড মিস্টার কুল’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। পরের বছরই ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ সিনেমায় অভিনয় করেন। এরপর আরো কয়েকটি হিন্দি সিনেমায় অভিনয় করেন তিনি। তাছাড়া ভারতের দক্ষিণী সিনেমায়ও অভিনয় করেছেন নিকিতা।


