মিশরের বিপক্ষে একাদশে পরিবর্তন আনতে পারে আর্জেন্টিনা
মিশরের বিপক্ষে রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণ—তিন বিভাগেই একটি করে পরিবর্তন আনার কথা ভাবছেন লিওনেল স্কালোনি। বিশেষ করে শুরুর একাদশে কিছু ওলটপালট করতে চান আর্জেন্টিনার কোচ।
ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বড় আলোচনার বিষয় আর্জেন্টিনার আক্রমণভাগ। মিশরকে মোকাবিলায় অধিনায়ক লিওনেল মেসির পাশে কে খেলবেন, সেটি এখনো নিশ্চিত নয়। বিশ্বকাপ শুরুর আগে গোড়ালির চোটে পড়া আলভারেজ পুরোপুরি ফিট না হলেও তাকে নিয়ে আশাবাদী কোচিং স্টাফ। তবে শেষ পর্যন্ত আলভারেজ পুরোপুরি প্রস্তুত না হলে লাউতারো মার্টিনেজই মেসির সঙ্গী হতে পারেন।
রক্ষণভাগেও রয়েছে অনিশ্চয়তা। লেফট-ব্যাক পজিশনে নিকোলাস তাগলিয়াফিকো ও ফাকুন্দো মেদিনার মধ্যে লড়াই চলছে। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে পেশিতে টান লাগার কারণে মেদিনার খেলা নিয়ে শঙ্কা রয়েছে। তিনি ফিট না হলে অভিজ্ঞ তাগলিয়াফিকোকে আবারও প্রথম একাদশে দেখা যেতে পারে।
মাঝমাঠে ভারসাম্য ও সৃজনশীলতা বাড়াতে লিয়ান্দ্রো পারেদেসকে শুরুর একাদশে ফেরানোর সম্ভাবনাও জোরালো। তিনি খেললে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার আরও আক্রমণাত্মক ভূমিকায় খেলতে পারবেন, যা দলের আক্রমণে নতুন মাত্রা যোগ করতে পারে।
এদিকে নিকোলাস গঞ্জালেসও কোচের পরিকল্পনায় রয়েছেন। তাকে একাদশে রাখা হলে থিয়াগো আলমাদাকে বেঞ্চে বসতে হতে পারে। গঞ্জালেসের গতি ও প্রেসিং ক্ষমতা আর্জেন্টিনার আক্রমণে বাড়তি সুবিধা এনে দিতে পারে।
সবকিছু বিবেচনায় স্কালোনি বড় ধরনের কোনো চমক দেওয়ার সম্ভাবনা কম। তবে শেষ মুহূর্তে খেলোয়াড়দের ফিটনেস যাচাইয়ের পরই চূড়ান্ত একাদশ নির্ধারণ করা হবে। ধারণা করা হচ্ছে, কেপ ভার্দের বিপক্ষে যে দল খেলেছিল, সেটিকেই ভিত্তি রেখে প্রয়োজনীয় কয়েকটি পরিবর্তন এনে মিশরের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।


